E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ফরিদপুরে নিখোঁজের দু'দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

২০২৬ জুলাই ১৯ ১৫:৪৮:৫৯
ফরিদপুরে নিখোঁজের দু'দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে ইউসুফ ফকির (৪৫) নামের এক ব্যবসায়ী নিখোঁজ হওয়ার দুদিন পর পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ জুলাই) জেলা সদরের চরমাধবদিয়া ইউনিয়নের মমিনখার হাটসংলগ্ন একটি পাটক্ষেত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত চরমাধবদিয়া ইউনিয়নের মমিনখার হাট এলাকার সহির উদ্দিন ফকিরের ছেলে।

তিনি স্থানীয়ভাবে একজন প্রতিষ্ঠিত বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে সুপরিচিত ছিলেন।

নিহতের পরিবারের অভিযোগ, অপহরণের পর তাকে হত্যা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে ফরিদপুর সদর উপজেলার মমিনখার হাটসংলগ্ন একটি পাটক্ষেতে ইউসুফ ফকিরকে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এলাকাবাসী থেকে খবর পেয়ে পুলিশ ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন'।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় মমিনখার হাট এলাকা থেকে একটি অটোরিকশা করে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন ইউসুফ ফকির। বাড়ির কাছাকাছি পৌঁছানোর পর থেকেই তিনি নিখোঁজ হন। এরপর আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিহতের বড় ভাই গিয়াসউদ্দিন জানান, নিখোঁজ হওয়ার পরেরদিন শুক্রবার (১৭ জুলাই) তার মোবাইল ফোনে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি কল করে ইউসুফকে ছাড়িয়ে নিতে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরিবারের অভিযোগ, ওই টাকা না দেওয়ায় দুর্বৃত্তরা ইউসুফকে হত্যা করেছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

এছাড়া, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিষয়টি সম্পর্কে পুরোপুরি জানা যাবে।

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন ওসি মাহমুদুল।

(আরআর/এএস/জুলাই ১৯, ২০২৬)

পাঠকের মতামত:

২০ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test