E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

রাস্তার উপর পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ

২০২৬ জুলাই ১৯ ১৮:৩৫:৩৩
রাস্তার উপর পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার উত্তর বাঁশবাড়িয়া (আড়ুয়াকান্দি) এলাকায় রাস্তার উপর অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা মোঃ কামরুল মোল্লার বিরুদ্ধে রাস্তার উপর এ নির্মাণকাজ করার অভিযোগ করেছেন এলাকাবাসী। প্রকাশ্যে কয়েকদিন ধরে কাজ চললেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। নেওয়ায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গতকাল শনিবার সরেজমিন অনুসন্ধানে দেখা যায়, উত্তর বাঁশবাড়িয়া আড়ুয়াকান্দি মোড়ে রাস্তা দখল করে পুরোদমে পাকা স্থাপনা নির্মাণের কাজ চলছে। এই স্থাপনাটির পাশেই অবস্থিত জামে মসজিদ এবং একটি ব্রিজ। মালামাল বোঝাই কোনো যানবাহন যাওয়ার সময় এই অবৈধ নির্মাণের কারণে বাধার সম্মুখীন হচ্ছেন। জনবহুল এই এলাকায় চলাচলের পথ সংকীর্ণ করে ভবনটি নির্মিত হওয়ায় সাধারণ মানুষের যাতায়াতেও বিঘ্ন ঘটছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, কামরুল মোল্লা প্রভাবশালী হওয়ায় তার ভয়ে কেউ সরাসরি প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না। দ্রুত প্রশাসনিক কোনো ব্যবস্থা না নিলে অবৈধ দখলদাররা আরও বেপরোয়া হয়ে উঠবে। এক দোকান কর্মচারী পরোক্ষভাবে স্বীকার করেছেন যে, ঘরের দেওয়াল ও কার্নিশ রাস্তার মধ্যে ঢুকে পড়েছে।

অভিযুক্ত কামরুল মোল্লা রাস্তা কেটে ঘর নির্মাণের অভিযোগ স্বীকার করে বলেন, আমার জায়গা জমি কম তাই একটু স্বাচ্ছন্দ্যে বসবাসের জন ঘর নির্মাণ করছি। কিন্তু আমি রাস্তার সাথে মিশে ঘর নির্মাণ করছি এটা আমার করা ঠিক হয়নি, তবে তিনি যেকোনো প্রশাসনিক ব্যবস্থা মেনে নেবেন বলে জানান।

এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার বলেন, রাস্তার উপরে অথবা রাস্তার ক্ষতি হবে বা মানুষ চলাচলে বাধা সৃষ্টি হবে এমন কোনো স্থাপনা নির্মাণ করা আইনানুগ অপরাধ। বিষয়টি পূর্ণ তদন্ত সাপেক্ষে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

(টিবি/এসপি/জুলাই ১৯, ২০২৬)

পাঠকের মতামত:

২০ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test