E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দিনাজপুরে অটোরিকশা-নসিমনের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

২০২৬ জুলাই ২২ ১৮:৫৫:৩৭
দিনাজপুরে অটোরিকশা-নসিমনের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

শহ্‌ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের খানসামায় অটোরিকশা ও গরুবাহী নসিমনের মুখোমুখি সংঘর্ষে রুসুল করিম বাবু (৪২) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন  আরও চারজন যাত্রী গুরুতর।

আজ বুধবার সকালে দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ি ইউনিয়নের টংগুয়া বড়বাড়ি খানসামা–দারোয়ানী আঞ্চলিক মহাসড়কের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুসুল করিম বাবু নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নে। তিনি মরহুম রহিম উদ্দিনের ছেলে। দীর্ঘ প্রায় ২০ বছর ধরে ভ্যান ও অটোরিকশা চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করছিলেন।

নিহতের ছোট ভাই আজিজুল ইসলাম জানান, প্রতিদিনের মতো বুধবার সকালেও যাত্রী নিয়ে বাড়ি থেকে বের হন বাবু। দুর্ঘটনার সময় তাঁর অটোরিকশায় আটজন যাত্রী ছিলেন। টংগুয়া বড়বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গরুবাহী টেম্পুর সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন রুসুল করিম বাবু। এ সময় অটোরিকশায় থাকা আরও চারজন যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মো. ফেরদৌস আলম রাসেল চৌধুরী বলেন, গুরুতর আহত অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে আনা আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাসেত সরদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সড়ক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনদের মধ্যে শোকের মাতম নেমে আসে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খানসামা–দারোয়ানী আঞ্চলিক মহাসড়কে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল ও অতিরিক্ত গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এমন দুর্ঘটনা এড়াতে সড়কে নজরদারি বাড়ানোর পাশাপাশি কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

(এসএস/এসপি/জুলাই ২২, ২০২৬)

পাঠকের মতামত:

২২ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test