E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শ্যামনগরে মাদার নদীর বাঁশের সাঁকোতে জীবনের ঝুঁকি, সেতুর দাবিতে মানববন্ধন

২০২৬ জুলাই ২৩ ১৯:৪৫:১০
শ্যামনগরে মাদার নদীর বাঁশের সাঁকোতে জীবনের ঝুঁকি, সেতুর দাবিতে মানববন্ধন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের মাদার নদীর ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোর পরিবর্তে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। 

আজ বৃহস্পতিবার বিকেলে রমজাননগর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে সাঁকো সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন গ্রাম্য চিকিৎসক কিরণ চন্দ্র পরমান্য, রেজাউল ইসলাম, শেখ মিজানুর রহমান, মুনছুর গাইন, রমেশ চন্দ্র মণ্ডল, ফজিলা খাতুন, রাবেয়া খাতুন, গহর আলম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মো. আলামিন হোসেন এবং সোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বাধন মণ্ডলসহ অনেকে।

বক্তারা বলেন, রমজাননগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড, নুরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এবং কৈখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজারো মানুষ দীর্ঘদিন ধরে রমজাননগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. আনারুল হাসানের বাড়ি সংলগ্ন মাদার নদীর ওপর নির্মিত একটি বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

তারা জানান, প্রতিদিন এই সাঁকো ব্যবহার করে ১০৪ নম্বর লক্ষ্মীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভৈরবনগর দারুল উলুম বালিকা দাখিল মাদ্রাসা, রমজাননগর তোফাজ্জেল মাধ্যমিক বিদ্যালয়, গহর আলম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সহ আশপাশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মানুষ যাতায়াত করেন।

এছাড়া রমজাননগরের বদ্দিপাড়ায় সুপেয় পানির সংকট থাকায় স্থানীয় বাসিন্দারা পাশের নুরনগর ইউনিয়নের হরিনাগাড়ী গ্রামের জেলা পরিষদের সরকারি দিঘি থেকে এই সাঁকো ব্যবহার করে খাবার পানি সংগ্রহ করেন।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, জরুরি রোগী কিংবা প্রসূতি নারীকে হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে এই ঝুঁকিপূর্ণ সাঁকো বড় বাধা হয়ে দাঁড়ায়। সাঁকোটির জরাজীর্ণ অবস্থার কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত মাদার নদীর ওপর একটি টেকসই সেতু নির্মাণ করা হলে তিন ইউনিয়নের হাজারো মানুষের দুর্ভোগ লাঘব হবে এবং শিক্ষা, চিকিৎসা ও দৈনন্দিন যোগাযোগব্যবস্থা সহজ হবে।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে মাদার নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের জোর দাবি জানান স্থানীয়রা।

(আরকে/এসপি/জুলাই ২৩, ২০২৬)

পাঠকের মতামত:

২৩ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test