E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: ‘পথে ঘাটে লেইখা দে, শেখের বেটি আইতাছে’

২০২৬ জুলাই ২৫ ১৮:৪১:০৫
ভাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: ‘পথে ঘাটে লেইখা দে, শেখের বেটি আইতাছে’

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা এলাকায় অজ্ঞাত স্থানে সংগঠিত নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে এ মশাল মিছিলটি সংগঠিত হওয়ার পরপর ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান-এর ব্যবহৃত ব্যক্তিগত ফেসবুক থেকে তা শেয়ার করা হয়। এর কিছুক্ষণের মধ্যেই আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ তাদের সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের অনেকেই ওই মিছিলের ভিডিওটি শেয়ার করতে দেখা গেছে।

ঝটিকা আকারে হওয়া এ মশাল মিছিলটি থেকে ছাত্রলীগের কর্মীদের- 'ভাঙ্গার মাটি আওয়ামী লীগের ঘাটি', 'পথে ঘাটে লেইখা দে শেখের বেটি আইতাছে', 'দেয়ালে দেয়ালে লিখে দে শেখের বেটি আইতাছে', '৭১-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার', 'মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার', 'শিক্ষা শান্তি প্রগতি- ছাত্রলীগের মূলনীতি', 'কে বলেরে মুজিব নাই মুজিব সারা বাংলায়' প্রভৃতি স্লোগান দিতে দেখা গেছে।

তবে ভাঙ্গায় ঠিক কোথায় উপজেলা ছাত্রলীগের এ মিছিলটি হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে, অন্ধকার রাস্তায় হওয়া মিছিলটির ৫৯ সেকেন্ডের ভিডিও দেখে এটির ঘটনাস্থল ও তাতে অংশগ্রহণকারী নেতা কর্মীদের চেনা সম্ভব হয়নি।

এ বিষয়ে জানতে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানকে ফোন করা হলে তিনি উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, 'আমার জানামতে ভাঙ্গা থানায় এ ধরণের কোনো মিছিল সংঘটিত হয়নি। যদিও ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের নামে এ ঝলিকা মশাল মিছিলটি সংগঠিত হয়েছে বলে ওই ভিডিও-তে উল্লেখ করা হয়েছে। তবে, তারা যদি অন্য থানা এলাকার কোনো স্থানে করে তা ভাঙ্গার নামে চালিয়ে দেয়, সেটা দেখবে কে'। এ পুলিশ কর্মকর্তা আরও জানান, 'শুক্রবার রাতে নিষিদ্ধ ছাত্রলীগের ওই মিছিলটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখার পর থেকে এ বিষয়ে কাজ করে যাচ্ছে ভাঙ্গা থানা পুলিশ'।

আজ শনিবার বিকেলে এ রিপোর্ট লেখার সময় ওসি মিজানুর আরও জানান, ভাঙ্গার কোথায়ও এমন মিছিল হয়েছে বলে এখনও খোঁজ মিলেনি'।

এদিকে, এ বিষয়ে ফরিদপুর জেলা ছাত্রলীগের একাধিক সূত্র জানিয়েছে, ফরিদপুর-৪ আসনের সাবেক এক সংসদ সদস্য ও জেলা ছাত্রলীগের নির্দেশে ভাঙ্গা উপজেলা ছাত্রলীগ নেতা সনেট-এর কর্মীরা শুক্রবার রাতে এ মশাল মিছিলটি উপজেলার কোনো এক মহাসড়কে করেছেন। তবে, ভাঙ্গার ঠিক কোথায় এ ঝটিকা মিছিলটি সংগঠিত হয়েছে তা অংশগ্রহণকারী কর্মীদের নিরাপত্তা ও মামলার ভয়ে জানাতে রাজি হয়নি ফরিদপুর জেলা ছাত্রলীগের ওই সূত্রটি।

(আরআর/এসপি/জুলাই ২৫, ২০২৬)

পাঠকের মতামত:

২৫ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test