E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘দেশের মানুষ এমন একটি বাংলাদেশ চায়, যেখানে খুন, ধর্ষণ, চাঁদাবাজি থাকবে না’

২০২৬ জুলাই ২৬ ১৭:৫৪:৪৬
‘দেশের মানুষ এমন একটি বাংলাদেশ চায়, যেখানে খুন, ধর্ষণ, চাঁদাবাজি থাকবে না’

রূপক মুখার্জি, নড়াইল : জাতীয় নাগরিক পার্টির (এনপিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, "দেশের মানুষ এমন একটি বাংলাদেশ চায়, যেখানে খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও দখলবাজির কোন স্থান থাকবে না।

গণঅভ্যুত্থানে সাধারণ মানুষের আত্মত্যাগের মধ্য দিয়েই রাজনৈতিক পরিবর্তন এসেছে। তাই একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং পুরোনো অন্যায়-অবিচারের ধারার বিরুদ্ধে সচেতন থেকে সত্য ও ন্যায়ের পক্ষে সোচ্চার হতে হবে।

সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, সরকার সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নে তালবাহানা করছে। সংস্কার আর গণভোট বাদ দিয়ে সরকার অন্য কোন পথ অবলম্বন করলে এ সরকারকেও ফ্যাসিষ্ট সরকারের মতো পরিণতি ভোগ করতে হবে।

শনিবার (২৫ জুলাই) বিকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনালের মুক্তমঞ্চে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনপিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ উপরোক্ত কথা বলেন।

নড়াইল জেলা এনসিপির আহ্বায়ক কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, সংরক্ষিত মহিলা আসনের এমপি মাহমুদা আলম মিতু, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, এনসিপি নড়াইল জেলা সদস্য সচিব প্রকৌশলী মাহমুদা সুলতানা রিমি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা সদস্য সচিব আমিরুল ইসলাম রানা।

এ সময় এনসিপি নড়াইল জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুজ্জামান, শাহজাহান খান সাজুসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(আরএম/এসপি/জুলাই ২৬, ২০২৬)

পাঠকের মতামত:

২৬ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test