E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালথায় ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, কারণ দর্শানোর নোটিশ 

২০২৬ জুলাই ২৯ ১৮:৫৪:৩৩
সালথায় ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, কারণ দর্শানোর নোটিশ 

সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলার এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের ইয়াবা সেবনের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। ১২ সেকেন্ডের ওই ভিডিওতে তাকে মাদক সেবনে মগ্ন অবস্থায় দেখা যায়। 

ভিডিওটি ভাইরাল হওয়ার পর সংশ্লিষ্ট ইউপি সদস্যকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওতে থাকা ব্যক্তির নাম আক্কাচ মাতুব্বর। তিনি ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য এবং গৌড়দিয়া গ্রামের বাসিন্দা।
ভাইরাল হওয়া ১২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি বদ্ধ ঘরের খাটের ওপর খালি গায়ে বসে সরঞ্জাম ব্যবহার করে আগুন জ্বালিয়ে তিনি ইয়াবা সেবন করছেন। এ সময় তার সামনে বসে থাকা অপর এক অজ্ঞাত ব্যক্তির পা দেখা যায়।

তবে ভিডিওটির সত্যতা ও প্রেক্ষাপট নিয়ে ভীন্ন দাবি করেছেন ইউপি সদস্য আক্কাচ মাতুব্বর। তিনি বলেন, ভিডিওটি প্রায় দেড় বছর আগের। তিনি দাবি করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর পাশ্ববর্তী জেলার সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের হুগলাকান্দি এলাকায় তাকে কয়েকজন ব্যক্তি আটকে রেখে হয়রানি করেন। সেসময় জোরপূর্বক তার হাতে ইয়াবা দিয়ে সেবন করানো হয় এবং সেই ঘটনার ভিডিও ধারণ করা হয়। তবে কারা তাকে আটকে রেখেছিল, সে বিষয়ে তিনি কোনো নাম প্রকাশ করতে রাজি হননি।

এ বিষয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, ভাইরাল ভিডিওটি নজরে আসার পর সংশ্লিষ্ট ইউপি সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

(এএন/এসপি/জুলাই ২৯, ২০২৬)

পাঠকের মতামত:

২৯ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test