E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

২০২৬ জুলাই ২৯ ১৮:৫৮:০৪
কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর কালুখালীতে ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে জেলা কৃষি কর্মকর্তা সহ ৬ জন আহত হয়েছেন। আজ বুধবার বিকেলের দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার বোয়ালিয়া মোড়ের চরনারায়ণপুর হাওয়া ভাটা সড়কসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন—কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজবাড়ীর উপপরিচালক ড. মো. শহিদুল,পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা গোলাম রাসূল, প্রাইভেটকারের চালক মো. ফরিদ, কৃষি কর্মকর্তা তোফাজ্জল হোসেনের ছেলে তাজভীর এবং পথচারী ইয়াকুব আলী মণ্ডল।

আহতদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে পথচারী ইয়াকুব আলী মণ্ডলের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজবাড়ী থেকে পাংশাগামী একটি প্রাইভেটকার বোয়ালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় প্রাইভেটকারটি ক্ষতিগ্রস্ত হয় এবং গাড়িতে থাকা পাঁচজনের পাশাপাশি ঘটনাস্থলে থাকা এক পথচারী আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রায়হান কবির জানান, রাজবাড়ীতে মাসিক সমন্বয় সভা শেষে পাংশায় একটি সভায় যোগ দিতে ফিরছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন। তার সঙ্গে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজবাড়ীর উপপরিচালক ড. মো. শহিদুল, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা গোলাম রাসূল এবং কৃষি কর্মকর্তার ছেলে তাজভীর একই গাড়িতে ছিলেন। কালুখালীর বোয়ালিয়া এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে সংঘর্ষের এ দুর্ঘটনা ঘটে।

কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন জানান, দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষের খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

(একে/এসপি/জুলাই ২৯, ২০২৬)

পাঠকের মতামত:

২৯ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test