E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল, নেতৃত্বে টিপু

২০২৬ আগস্ট ০২ ১৭:৩০:৩৬
তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল, নেতৃত্বে টিপু

স্বাধীন দেশ, নারায়ণগঞ্জ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির কয়েকজন নেতার কটূক্তি ও অশালীন বক্তব্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখর হয়ে প্রতিবাদ জানিয়ে অবিলম্বে কটূক্তিকারীদের বিরুদ্ধে রাজনৈতিক শালীনতা বজায় রাখার আহ্বান জানান।

গতকাল শনিবার বিকেলে নগরীর মিশনপাড়া মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ২নং রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা স্লোগানে মুখর হয়ে ওঠে।

বিক্ষোভ মিছিলের সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এনসিপির কয়েকজন নেতার সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করেন এবং বলেন, রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে দেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক নেতা তারেক রহমানকে নিয়ে যে ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আবু আল ইউসুফ খান টিপু বলেন, "দেশের কোটি মানুষের নেতা তারেক রহমানকে নিয়ে কোনো ধরনের অশালীন মন্তব্য বা কটূক্তি বিএনপির নেতাকর্মীরা কখনোই মেনে নেবে না। রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে একটি মহল ইচ্ছাকৃতভাবে বিএনপি ও তার নেতৃত্বকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। জনগণ এসব ষড়যন্ত্রের জবাব দেবে। ভবিষ্যতেও যদি এ ধরনের কটূক্তি অব্যাহত থাকে, তবে রাজপথেই এর সমুচিত জবাব দেওয়া হবে।"

তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তবে ব্যক্তিগত আক্রমণ, কুরুচিপূর্ণ বক্তব্য ও রাজনৈতিক বিদ্বেষ ছড়িয়ে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা উচিত নয়। সকল রাজনৈতিক দলের প্রতি পারস্পরিক সম্মানবোধ বজায় রাখার আহ্বান জানান তিনি।

সমাবেশে উপস্থিত অন্যান্য নেতারাও বক্তব্যে বলেন, গণতন্ত্র, ভোটাধিকার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তারেক রহমানের ভূমিকা ও নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। তারা অভিযোগ করেন, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়েই একটি পক্ষ ব্যক্তিগত আক্রমণের পথ বেছে নিয়েছে। এ ধরনের বক্তব্য দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য অশনিসংকেত বলেও মন্তব্য করেন তারা।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন এবং কটূক্তির প্রতিবাদে স্লোগান দেন। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক অতিক্রম করার সময় পথচারীদের মধ্যেও ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়।

এদিকে, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান কর্মসূচিতে উপস্থিত ছিলেন না। খোঁজ নিয়ে জানা যায়, তিনি সিটি করপোরেশন-সংক্রান্ত সরকারি কাজে শহরের বাইরে অবস্থান করছেন।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষে নেতাকর্মীরা নিজ নিজ গন্তব্যে ফিরে যান।

(এসডি/এসপি/আগস্ট ০২, ২০২৬)

পাঠকের মতামত:

০২ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test