E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

স্কুলছাত্রী-যুবককে গাছে বেঁধে নির্যাতনের মূল হোতা বিএনপি নেতা নয়ন আটক

২০২৬ আগস্ট ০২ ১৭:৫৫:৩৪
স্কুলছাত্রী-যুবককে গাছে বেঁধে নির্যাতনের মূল হোতা বিএনপি নেতা নয়ন আটক

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : প্রেমের সম্পর্কের অভিযোগে গোপালগঞ্জের কাশিয়ানীতে স্কুল আঙিনায় এক স্কুলছাত্রী ও যুবককে গাছের সাথে বেঁধে শারীরিক নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নয়ন গোলদার (৪৫) নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ রবিবার ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ।

আটক নয়ন গোলদার কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের রাহুথড় গ্রামের নীরোদ গোলদারের ছেলে এবং হাতিয়াড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান আটকের তথ্য নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা জানান, গত ২৮ জুলাই কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের রাহুথড় উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক স্কুলছাত্রী ও এক যুবককে গাছের সঙ্গে বেঁধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে। এ সময় ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে নির্যাতনের শিকার অষ্টম শ্রেণির ওই ছাত্রী অপমান ও মানসিক যন্ত্রণায় বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ ওঠে। তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে সুস্থ হয়ে ওই শিক্ষার্থী বাড়ি ফিরে যায়।

তিনি আরও জানান, আটক নয়ন গোলদারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার সাথে জড়িত অন্যদের শনাক্ত ও আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওই কর্মকর্তা।

(টিবি/এসপি/আগস্ট ০২, ২০২৬)

পাঠকের মতামত:

০২ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test