E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বগুড়ায় বাসচাপায় ৭ শ্রমিক নিহত

২০২৬ আগস্ট ০৭ ১৪:৪০:০৮
বগুড়ায় বাসচাপায় ৭ শ্রমিক নিহত

বিকাশ স্বর্ণকার, বগুড়া : বগুড়া সদরের এরুলিয়া এলাকায় দিনমজুরের অস্থায়ী বাজারে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস ঢুকে পড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। শুক্রবার ভোর আনুমানিক ৫টার দিকে এরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ শনাক্তের পর স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো ভোরে এরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিভিন্ন এলাকার দিনমজুর ও শ্রমিকরা কাজের অপেক্ষায় অস্থায়ী বাজারে অবস্থান করছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা শাহ ফতেহ আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয় এবং বহু শ্রমিক গুরুতর আহত হন।

স্থানীয়দের ধারণা, চালকের তন্দ্রাচ্ছন্ন অবস্থায় গাড়ি চালানো কিংবা অসাবধানতার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী,বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা দেয়, এরপর শ্রমিকদের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে।শজিমেক হাসপাতাল সূত্রে জানা গেছে,আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।দুর্ঘটনার পর ঘটনাস্থলে শোকের ছায়া নেমে আসে। নিহতদের স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও প্রশাসনের সদস্যরা কাজ করছেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত শাহ ফতেহ আলী পরিবহনের বাসটি স্থানীয় জনতা আটক করে রেখেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

(বিএস/এএস/আগস্ট ০৭, ২০২৬)

পাঠকের মতামত:

০৭ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test