E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দিনাজপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, নানা গুঞ্জন 

২০২৬ আগস্ট ০৭ ১৮:০৫:১০
দিনাজপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, নানা গুঞ্জন 

শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে দিনাজপুরের সদর উপজেলার ২ নম্বর সুন্দরপুর ইউনিয়নের রামডুঙ্গী এলাকায় একটি কালভার্টের নিচ থেকে এই অজ্ঞাত যুবকের মরদেহটি পুলিশ উদ্ধার করে। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনাকে ঘিরে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় রফিকুল ইসলাম, ভবেশ, মনোয়ার, কার্তিক চন্দ্রসহ অনেকে জানান, প্রতিদিনের মতো সকালে কয়েকজন কৃষক ও শ্রমিক মাঠে কাজ করতে যাওয়ার পথে কালভার্টের নিচে একজন ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তারা দ্রুত দিনাজপুর কোতোয়ালি থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং কালভার্টের নিচ থেকে মরদেহটি উদ্ধার করে। তবে উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। একই সঙ্গে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় তদন্ত শুরু হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, রহস্যজনকভাবে কালভার্টের নিচে মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা ধরনের আলোচনা ও গুনজন চলছে।

(এসএস/এসপি/আগস্ট ০৭, ২০২৬)

পাঠকের মতামত:

০৭ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test