E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাগেরহাটে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

২০২৬ আগস্ট ০৭ ১৮:৪৩:৩৫
বাগেরহাটে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট-খুলনা মহাসড়কে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক শেখ শাহারিয়ার সৈকত (৩৮) নিহত হয়েছেন।

আজ শুক্রবার বিকালে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের শ্রীঘাঠ ফুলবাড়িয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শেখ শাহারিয়ার সৈকত বাগেরহাট সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র অফিসার শেখ মামুনুর রশিদ জানান, শুক্রবার (৭ আগস্ট) বিকালে সদর উপজেলার শ্রীঘাঠ ফুলবাড়িয়া ব্রিজ এলাকায় বাগেরহাট থেকে খুলনাগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক সৈকত সড়কে ছিটকে পড়ে মাথা, মুখ ও বুকে গুরুতর আঘাত পান। খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সামসুল আরেফিন জানান, দুর্ঘটনার পর কিছু সময় বাগেরহাট-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে। দুর্ঘটনার পর চালক ট্রাকটি ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়। পলাতক ট্রাকচালককে শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

(এস/এসপি/আগস্ট ০৭, ২০২৬)

পাঠকের মতামত:

০৭ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test