E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে কৃষককে হত্যা, গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

২০২৬ আগস্ট ১৮ ১৬:২৭:০৭
ফরিদপুরে কৃষককে হত্যা, গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় নির্যাতনের পর বিষ খাইয়ে কৃষক ইউসুফ আলী শেখ (৫৫)কে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের গাবতলা এলাকায় এ কর্মসূচী পালন করেন এলাকাবাসী।

কর্মসূচিতে নিহতের পরিবারের সদস্যরা, বাজারের ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নারী-পুরুষসহ দুই শতাধিক এলাকাবাসী অংশগ্রহণ করেন। এ সময় ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে দাড়িয়ে ‘প্রশাসন চুপ কেন, জবাব চাই’, ‘ইউসুফের খুনিদের ফাঁসি চাই, ফাঁসি চাই’ সহ বিভিন্ন শ্লোগান দিতে দেখা গেছে।

মানববন্ধনে বক্তৃতাকালে স্থানীয়রা বলেন, নির্মমভাবে নির্যাতনের পর মুখে বিষ ঢেলে কৃষক ইউসুফকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে জড়িত চার জনকে পুলিশ গ্রেপ্তার করলেও মুলহোতাদের গ্রেপ্তারে নিরবতা নিয়ে প্রশ্ন তোলেন বক্তারা। এছাড়া দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

প্রসঙ্গত, পূর্ব শত্রুতার জের ধরে গত ১ আগস্ট সন্ধ্যায় চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চরঅমরাপুর গ্রামের বাসিন্দা কৃষক ইউসুফ শেখকে ডেকে দুর্গম চর এলাকায় নিয়ে তাকে নির্যাতন করার পর জোড়পূর্বক বিষ খাইয়ে দেয় করে স্থানীয় কতিপয় ব্যক্তিরা।

পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ আগস্ট ভোররাতে মারা যান কৃষক ইউসুফ আলী শেখ। এ ঘটনায় ওই রাতেই নিহতের স্ত্রী ডালিয়া বেগম বাদি হয়ে ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারনামীয় ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফর আলী উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, 'এ মামলার এজাহারনামীয় ১ থেকে ৪ নং আসামিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে'। এছাড়া, এ মামলার বাকী আসামিদের গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চলছে বলেও জানান ওসি সফর আলী।

(আরআর/এএস/আগস্ট ১৮, ২০২৬)













পাঠকের মতামত:

১৮ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test