E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সোনাতলায় আইনশৃঙ্খলা সভা: যানজট-মাদক নিয়ে উদ্বেগ, সমাধানে গুরুত্বারোপ

২০২৬ আগস্ট ১৮ ১৮:১২:৫৩
সোনাতলায় আইনশৃঙ্খলা সভা: যানজট-মাদক নিয়ে উদ্বেগ, সমাধানে গুরুত্বারোপ

বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলায় আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় পৌর শহরের যানজট,মাদক নিয়ন্ত্রণ, ট্রান্সফরমার চুরি, লোডশেডিং সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।

সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, সোনাতলা থানার সেকেন্ড অফিসার গৌতম চক্রবর্তী, উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুজ্জামান, শিক্ষা কর্মকর্তা শেখ নজমুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এবং পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার সাইফুল আহমেদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এছাড়াও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য দেন গোলাম রব্বানী, আব্দুল আলিম, শহিদুল হক, লতিফুল বারী টিম, জাকির হোসেন বেলাল, বীর মুক্তিযোদ্ধা সাহাজুল গাজী।

এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মী, গণমাধ্যমকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাহিন, সাংবাদিক বিকাশ স্বর্ণকার,মোশাররফ হোসেন মজনু সহ বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

সভায় সোনাতলা পৌর শহরের মাদ্রাসা মোড়ে যানজটের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে। যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে মাদক ব্যবসা ও মাদকাসক্তি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।

সভায় পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার সাইফুল আহমেদ বলেন, উপজেলায় বিপুলসংখ্যক অটোরিকশা ও ইজিবাইক রয়েছে। রাতের বেলায় এসব যানবাহনের চার্জ দেওয়ার কারণে বিদ্যুতের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে, যার প্রভাব লোডশেডিংয়ে পড়ছে। এ বিষয়ে কার্যকর সমাধানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

সভায় মৃত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠে আসে সেই সাথে সরকারি খাসজমি দখলমুক্ত করা, ইউনিয়ন ভিত্তিক খেলার মাঠ তৈরি এবং মসজিদ ও মন্দির ভিত্তিক ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিত সহকারী নিয়োগের বিষয়েও আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর অবস্থান নিতে হবে। মাদকমুক্ত উপজেলা গড়ে তুলতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, সরকারি খাসজমি অবৈধ দখলমুক্ত করতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠান গুলো যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হয়, সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজর দিতে হবে। বিশেষ করে পাইলট বালিকা বিদ্যালয়ের কার্যক্রমের প্রতি নজর রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তিনি নির্দেশনা দেন। এ সময় সোনাতলা পৌরসভার মাদ্রাসা মোড় সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো যানজটমুক্ত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম।

(বিএস/এসপি/আগস্ট ১৮, ২০২৬)

পাঠকের মতামত:

১৮ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test