E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রশিদুজ্জামান মিল্লাত পূর্ণমন্ত্রী হওয়ায় জামালপুরে আনন্দ মিছিল

২০২৬ আগস্ট ২২ ১৫:১০:১৫
রশিদুজ্জামান মিল্লাত পূর্ণমন্ত্রী হওয়ায় জামালপুরে আনন্দ মিছিল

রাজন্য রুহানি, জামালপুর : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপির কোষাধ্যক্ষ ও জামালপুর-১ (দেওয়ানগঞ্জ - বকশীগঞ্জ) আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত। এর আগে তিনি একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর মন্ত্রীত্বের খবরে জামালপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে জেলা যুবদল।

২১ আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে মন্ত্রী হিসেবে শপথ নেন এম রশিদুজ্জামান মিল্লাত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। প্রায় ছয় মাস সেই দায়িত্ব পালনের পর এবার পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি।

পূর্ণমন্ত্রী হবার খবরে ২১ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে এক আনন্দ মিছিল বের করে জেলা যুবদল। শহরের আজাদ ডাক্তার মোড় থেকে আনন্দ মিছিলটি বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয় মিছিলটি। পরে পথচারী ও দলীয় নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

এ সময় যুবদলের নেতাকর্মীরা এম রশিদুজ্জামান মিল্লাতকে পূর্ণমন্ত্রী করায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে তমালতলা মোড়ে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন জেলা যুবদলের সদস্যসচিব সোহেল রানা খান, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সোবহান, জেলা বিএনপি নেতা শওকত জামান, শ্রমিক দল নেতা শামীম হোসেন মঙ্গল, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা হাবিবুর রহমান রতন, ইকরামুল হোসেন মানিক, আমজাদ হোসেন সুজন এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।

জামালপুরের বিএনপিনেতা এম রশিদুজ্জামান মিল্লাতকে পূর্ণমন্ত্রী করায় বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা। তারা বলেন, এম রশিদুজ্জামান মিল্লাতের নেতৃত্বে জামালপুরের উন্নয়ন ও অগ্রযাত্রা আরও বেগবান হবে।

উল্লেখ, এম রশিদুজ্জামান মিল্লাত দীর্ঘ রাজনৈতিক জীবনে উপজেলা ও জেলা বিএনপির নেতৃত্বের পাশাপাশি দুই মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি।

১৯৮৬ সালে বিএনপির রাজনীতিতে পথচলা শুরু করেন এম রশিদুজ্জামান মিল্লাত। দলের তৎকালীন মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের তত্ত্বাবধানে তিনি রাজনীতিতে যুক্ত হন। জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় কমিটির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন তিনি। ১৯৯১ সালে তিনি বিএনপির মূল রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন মিল্লাত। বর্তমানে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ। এর আগে জামালপুর জেলা বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেন তিনি।

মিল্লাত ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ বিরতির পর ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নিজ এলাকায় সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি প্রায় একশ শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন এই নেতা। এছাড়া নদীভাঙন কবলিত তাঁর নির্বাচনী এলাকাকে (দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জকে) আধুনিক ও পরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলার স্বপ্ন রয়েছে তাঁর। পাশাপাশি এ অঞ্চলের শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও তিনি গুরুত্ব দিয়ে আসছেন।

(আরআর/এএস/আগস্ট ২২, ২০২৬)


পাঠকের মতামত:

২২ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test