E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজবাড়ীতে 'সেনা পাবলিক স্কুল এন্ড কলেজ' উদ্বোধন করলেন সেনাপ্রধান

২০২৬ আগস্ট ২৪ ১৫:৫৮:২৫
রাজবাড়ীতে 'সেনা পাবলিক স্কুল এন্ড কলেজ' উদ্বোধন করলেন সেনাপ্রধান

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মালিয়াট গ্রামে অবস্থিত ‘সেনা পাবলিক স্কুল এন্ড কলেজ রাজবাড়ী’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রবিবার (২৩ আগস্ট) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২০২৫ সালের ৫ জানুয়ারি রাজবাড়ী মিলিটারি ট্রেনিং এরিয়া (আরএমটিএ)-তে বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ অনুশীলন অনুষ্ঠিত হয়। ওই অনুশীলন চলাকালে রাজবাড়ীর বেসামরিক প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ও নিজস্ব অর্থায়নে একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের বিষয়ে সম্মতি দেন সেনাবাহিনী প্রধান।

এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের ১৭ ডিসেম্বর রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মালিয়াট গ্রামে ‘সেনা পাবলিক স্কুল এন্ড কলেজ রাজবাড়ী’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

প্রতিষ্ঠানটির জন্য একটি আটতলা একাডেমিক ভবন, একটি লাইব্রেরি কমপ্লেক্স এবং শিক্ষকদের আবাসিক ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে রাজবাড়ীসহ আশপাশের এলাকার শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠালগ্ন থেকেই মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন, মানবসম্পদ গঠন এবং সুশিক্ষিত ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। কালুখালীতে প্রতিষ্ঠিত নতুন এই শিক্ষাপ্রতিষ্ঠানটিও এ অঞ্চলের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধানের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন আল মোর্শেদ, জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া মেজর জেনারেল মো. হাফিজুর রহমান, পরিচালক কল্যাণ ও পুনর্বাসন পরিদপ্তর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রশিদুল ইসলাম, কমান্ডার ৫৫ আর্টিলারি ব্রিগেড ব্রিগেডিয়ার জেনারেল মোসাদ্দেক আবু সাঈদ, কর্নেল এডমিন কর্নেল মো. শহীদুর রহমান, রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন, জেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুস সালাম মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার, কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম, সেনা পাবলিক স্কুল এন্ড কলেজ রাজবাড়ীর অধ্যক্ষ, রতনদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাসেম মন্ডল, সাবেক সদস্য আব্দুল জব্বার মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মতে, কালুখালীতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা এ অঞ্চল তথা রাজবাড়ী জেলার শিক্ষা ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। হাইস্কুল ও কলেজের পাশাপাশি ভবিষ্যতে প্রাথমিক বিদ্যালয়সহ আরও শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের প্রত্যাশা রয়েছে তাদের। একই সঙ্গে আগামীতে এ এলাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠারও প্রত্যাশা করছেন স্থানীয়রা।

(একে/এএস/আগস্ট ২৪, ২০২৬)





পাঠকের মতামত:

২৪ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test