E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চাকরির প্রলোভনে টঙ্গীতে যুবক হত্যা, ড্রেন থেকে মরদেহ উদ্ধার

২০২৬ আগস্ট ২৪ ১৯:১৫:২০
চাকরির প্রলোভনে টঙ্গীতে যুবক হত্যা, ড্রেন থেকে মরদেহ উদ্ধার

মোঃ জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী : গাজীপুর মহানগরীর টঙ্গীতে চাকরি দেওয়ার প্রলোভনে আকাশ সরদার (২১) নামে এক যুবককে হত্যার অভিযোগে মাজহারুল ইসলাম মিঠু (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আজ সোমবার সকালে টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসানসহ পুলিশের একটি টিম টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের পরিত্যক্ত ড্রেন থেকে আকাশের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

নিহত আকাশ ফরিদপুরের কোতোয়ালি থানার চাঁদপুর গ্রামের করিম সরদারের ছেলে। গ্রেফতার মাজহারুল ইসলাম মিঠু নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নাজিরপুর গ্রামের তারা মিয়ার ছেলে। গ্রেফতার মিঠুর এলাকার অপু নামের এক ব্যাক্তির মাধ্যমে তারা দু'জনই কম্বোডিয়ায় গিয়েছিলেন। প্রায় ৩ মাস আগে তারা দেশে ফিরে আসেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই চাকরি দেওয়ার কথা বলে আকাশকে সোনারগাঁয়ে ডেকে নেন মিঠু। পরে তাকে অপহরণ করে টঙ্গীতে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। ওইদিন সন্ধ্যায় আকাশের স্ত্রী জেরিনের মোবাইলে সুমন নামে এক ব্যক্তি ফোন করে আকাশকে আটকে রাখার কথা জানান। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এ ঘটনায় আকাশের বাবা করিম সরদার ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় মিঠু ছাড়াও অপু মিয়া ও সুমন মিয়াকে আসামি করা হয়েছিলো। ঐ মামলার তদন্তকারী কর্মকর্তার চাহিদার ভিত্তিতে র‍্যাব-১ গত ২৩ আগস্ট টঙ্গী পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে মিঠুকে গ্রেফতার করতে সক্ষম হন।

গ্রেফতার হওয়া মিঠুর দেওয়া তথ্য অনুযায়ী সোমবার সকালে বিশ্ব ইজতেমা ময়দানের ২১ নম্বর টয়লেটের পাশের পরিত্যক্ত একটি ড্রেন থেকে আকাশের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহামেদ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

(জেজে/এসপি/আগস্ট ২৪, ২০২৬)

পাঠকের মতামত:

২৪ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test