E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘১৭ বছরে ফ্যাসিবাদী সরকার দেশে কোন গ্যাস কূপ খনন করে নাই’

২০২৬ সেপ্টেম্বর ০৫ ১৯:৫৩:২৬
‘১৭ বছরে ফ্যাসিবাদী সরকার দেশে কোন গ্যাস কূপ খনন করে নাই’

গোপালগঞ্জ প্রতিনিধি : স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, বিগত ১৭ বছরে ফ্যাসিবাদী সরকার এদেশের কোন গ্যাস কূপ খনন করে নাই। এমনকি তারা গ্যাস কুপ খনন বা উত্তোলনে কোন পরিকল্পনাও গ্রহণ করে নাই। যার ফলে এখন দেশে গ্যাসের সংকট দেখা দিয়েছে। গ্যাসের অভাবে কলকারখানা বন্ধ হচ্ছে। গ্যাস নির্ভর বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হয়ে গেছে। রাষ্ট্রনায়ক তারেক রহমান রাত দিন এই বিদ্যুৎ সমস্যা নিয়ে কাজ করছেন। মধ্যপ্রাচ্য থেকে গ্যাস এনে শীঘ্রই বিদ্যুৎ সমস্যার সমাধান করবে।

আজ শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন,ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদেরকে হুমকি ধামকি দেয়া হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা হুমকি ধামকিতে ভয় পায় না। জাতীয়তাবাদী দল হুমকি ধামকির রাজনীতিতে বিশ্বাসী নয়। এই দলের নেতাকর্মীরা প্রতিহিংসার রাজনীতি করে না। তারপরেও যদি এই দলের নেতাকর্মীদের হুমকি ধামকি দেওয়া হয় সেটি রাজনৈতিকভাবেই মোকাবেলা করা হবে।

বর্তমান সরকারের উন্নয়নের কথা বলতে গিয়ে এস এম জিলানী বলেন, বর্তমান সরকার নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোটের কালি আঙ্গুল থেকে মুছে যাওয়ার আগেই সরকার সেসব প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন। ইতোমধ্যে ১০ হাজার টাকা করে সুদসহ কৃষি ঋণ মওকুফ ও ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছে। বৃক্ষরোপণ ও খাল খনন শুরু হয়েছে।পর্যায়ক্রমে সকল প্রতিশ্রুতিই বাস্তবায়ন করা হবে।

বর্ণাঢ্য এই শোভাযাত্রাটি উপজেলার পৌর মার্কেট চত্বর থেকে শুরু হয়ে উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে এসে শেষ হয়।

শোভাযাত্রায় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপি'র সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, উপজেলা বিএনপির সিনিয়র নেতা রফিকুল ইসলাম হাওলাদার, মানিক হাওলাদার, কাজী অমিত মাহমুদ, ফায়েকুজ্জামান শেখসহ উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দলসহ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ০৫, ২০২৬)

পাঠকের মতামত:

০৫ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test