E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

প্রবাসীদের সর্বস্ব লুটতে বিমানবন্দরে গাড়ি নিয়ে চালক সেজে ওৎপেতে থাকতেন  আলামিন  

২০২৬ সেপ্টেম্বর ১২ ১৫:০৪:২৭
প্রবাসীদের সর্বস্ব লুটতে বিমানবন্দরে গাড়ি নিয়ে চালক সেজে ওৎপেতে থাকতেন  আলামিন  

গোপালগঞ্জ প্রতিনিধি : ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে মাইক্রোবাস ও প্রাইভেট কার নিয়ে অবস্থান করতেন আলামিন শেখ (৩১)। বিদেশ থেকে ফেরা প্রবাসীদের নামমাত্র ভাড়ায় গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে তুলে নিতেন।  গাড়ির মধ্যেই পরিকল্পিতভাবে তাদের নগদ টাকা, মোবাইলসহ মূল্যবান মালামাল ছিনিয়ে নিতেন। পরে  তাঁদের ফাঁকা জায়গায় নামিয়ে দেওয়া হতো।

দীর্ঘদিন ধরে এভাবে প্রতারণা ও ছিনতাইয়ের মাধ্যমে অনেক প্রবাসীর সর্বস্ব কেড়ে নেন আলামিন। অবশেষে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার পূর্ব মহারাজপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে গোপালগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় আলামিন শেখের ঘর থেকে ১টি চায়নিজ কুড়াল, ২টি সুইচ গিয়ার চাকু, বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের ১৫টি অ্যান্ড্রয়েড মুঠোফোন, ৩টি আইফোন, ৪টি ট্যাব, ৭টি বাটন ফোন, ১০টি হাতঘড়ি, ১১টি মানিব্যাগ, বিভিন্ন দেশের ৭৭টি মুদ্রার নোট ও বাংলাদেশি ১ লাখ ৭৯ হাজার টাকা জব্দ করে গোয়েন্দা পুলিশ।

এ বিষয়ে অবহিত করতে বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হবীবুল্লাহ।

পুলিশ সুপার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলামিন শেখ দীর্ঘদিন ধরে ঢাকা বিমানবন্দর এলাকা ছাড়াও বিভিন্ন স্থানে চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, মাদকসহ ৬টি মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান, গোয়েন্দা শাখার পরিদর্শক নয়ন চন্দ্র দেবনাথসহ জেলা পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে এদিন মুকসুদপুর উপজেলার রাগদী ইউনিয়নের টেকেরহাট উত্তরপাড়া গ্রামে পৃথক অভিযান চালিয়ে ৮শ’ ইয়াবাসহ মাকসুদা (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করে ডিবির অপর একটি দল। মাকসুদা মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের হরিশ্চর গ্রামের আবুবক্করের স্ত্রী। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা । এ ঘটনায় ওই নারীকে আসামী করে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপুর।

(টিবি/এএস/সেপ্টেম্বর ১২, ২০২৬)


পাঠকের মতামত:

১২ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test