E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে চায়ের দোকানিকে কুপিয়ে হত্যা, আহত ৩

২০২৬ সেপ্টেম্বর ১৩ ১৮:১০:১৮
ফরিদপুরে চায়ের দোকানিকে কুপিয়ে হত্যা, আহত ৩

দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : পুরোনো গ্রাম্য বিরোধের জের ধরে ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রতিপক্ষের অতর্কিত হামলায় রবিউল ইসলাম শেখ ওরফে রবি (৫৬) নামে এক চায়ের দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের সঙ্গে থাকা আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কাশিয়ানী-আলফাডাঙ্গা সড়কের মালা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নির্জন এলাকায় এ বর্বরোচিত ঘটনাটি ঘটে।

নিহত রবিউল ইসলাম আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামের বাসিন্দা এবং পাশ্ববর্তী কাশিয়ানী সদর বাজারের জনপ্রিয় একজন চায়ের দোকানি ছিলেন। হামলায় আহতরা হলেন—একই এলাকার মোক্তার বিশ্বাস (৫৫), হৃদয় শেখ (২১) ও লিটন খান (৪০)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রতিদিনের মতো শনিবার রাতে দোকান বন্ধ করে সঙ্গীদের নিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন রবিউল। পথিমধ্যে মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে আগে থেকেই ওত পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপালে ঘটনাস্থলেই ঢলে পড়েন রবিউল। সংবিত হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন অন্য তিনজনও। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকরা জানান, আহত মোক্তার বিশ্বাসের অবস্থা অত্যন্ত সংকটজনক।

এলাকাবাসীর বরাতে জানা গেছে, গত ২৬ জুন একই ধরনের গ্রাম্য বিরোধের বলি হন সুমন শেখ (৩০) নামের এক যুবক। নিহত রবিউল ছিলেন সেই নিহত সুমনের আপন চাচা এবং আহত অন্যরাও ছিলেন একই পক্ষের অনুসারী। ধারণা করা হচ্ছে, সেই পুরোনো হত্যাকাণ্ডের প্রতিশোধ ও রাজনৈতিক-গ্রাম্য কোন্দলের জের ধরেই এ হামলা চালানো হয়েছে।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা সার্কেল) মাসুদুজ্জামান জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এলাকায় বাড়তি উত্তেজনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অপরাধীদের শনাক্তে মাঠে নেমেছে তদন্ত দল।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ১৩, ২০২৬)

পাঠকের মতামত:

১৩ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test