E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সোনাতলায় ফাঁকা বাসায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, বাড়ির মালিক পলাতক

২০২৬ সেপ্টেম্বর ১৩ ১৯:২৪:১২
সোনাতলায় ফাঁকা বাসায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, বাড়ির মালিক পলাতক

বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলায় ফাঁকা বাসায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাড়ির মালিক মোঃ নাজিম শেখের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সোনাতলা থানায় মামলা করেছেন। মামলা হওয়ার পর থেকে অভিযুক্ত নাজিম শেখ পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, নাজিম শেখ সোনাতলা পৌরসভার আগুনিয়াতাইড় গ্রামের মৃত মোঃ আব্দুল হকের ছেলে। মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার (১১ই সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে সোনাতলা পৌর এলাকার মাষ্টারপাড়া সংলগ্ন রেললাইনের পাশে একটি বাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। পরদিন শনিবার (১২ই সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে সোনাতলা থানায় মামলা করেন।

মামলা ও ভুক্তভোগীর পরিবারের সূত্রে জানা যায়, ওই গৃহবধূ গাবতলী উপজেলার দুর্গাহাটা গ্রামে স্বামীর বাড়িতে বসবাস করেন। কয়েকদিন আগে তিনি বাবার বাড়িতে বেড়াতে আসেন। ঘটনার দিন সকালে তার বাবা-মা কাজের জন্য বাড়ির বাইরে গেলে তিনি বাসায় একা ছিলেন। এ সুযোগে বাড়ির মালিক নাজিম শেখ ওই ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, একপর্যায়ে ভুক্তভোগীর বড় বোন ও ভগ্নিপতি বাড়িতে এসে নাজিম শেখকে ওই নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান। তাদের উপস্থিতি টের পেয়ে নাজিম শেখ সেখান থেকে পালিয়ে যান বলে অভিযোগে বলা হয়েছে।

ভুক্তভোগীর পরিবারের দাবি, তারা প্রায় তিন বছর ধরে নাজিম শেখের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।

মামলার বাদী ও ভুক্তভোগীর বড় বোন জানান, ঘটনার দুই দিন আগে ভুক্তভোগীর স্বামী তাকে নিতে এসেছিলেন তবে তিনি যাননি। পরে স্বামী ঘটনাটি জানতে পেরেছেন। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে বলে জানান তিনি।

অভিযোগের বিষয়ে জানতে নাজিম শেখের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি।

সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবীর হোসেন বলেন, ধর্ষণের অভিযোগে একটি মামলা রুজু হয়েছে। ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য বগুড়ায় পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক থাকায় তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

(বিএস/এসপি/সেপ্টেম্বর ১৩, ২০২৬)

পাঠকের মতামত:

১৩ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test