E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চাটমোহরের শরৎগঞ্জ হাইস্কুলের ১৭টি ল্যাপটপ চুরি

২০২৬ সেপ্টেম্বর ১৩ ১৯:৩৩:৪৮
চাটমোহরের শরৎগঞ্জ হাইস্কুলের ১৭টি ল্যাপটপ চুরি

চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের শরৎগঞ্জ টিএ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব থেকে ১৭টি ল্যাপটপ ও এডাপটর চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত থেকে শনিবার রাতের মধ্যে এই চুরির ঘটনা ঘটেছে বলে প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন জানিয়েছেন। এই স্কুলের মাঠ সংলগ্ন শরৎগঞ্জ পুলিশ ফাঁড়ি অবস্থিত। এছাড়া স্কুলটি নৈশপ্রহরীও রয়েছে।

প্রধান শিক্ষক হেলাল উদ্দিন জানান, বৃহস্পতিবার স্কুল ছুটির পর সবাই চলে যান। রোববার সকাল ১১টার দিকে আইসিটি শিক্ষক ল্যাব খুলে দেখেন কোন ল্যাপটপ নেই। জানালার গ্রিল কেটে চোর সবগুলো ল্যাপটপ নিয়ে গেছে। স্কুল ছুটিকালীন সময়ে এই চুরির ঘটনা ঘটেছে। প্রধান শিক্ষক আরো জানান, স্কুলে শরিফুল ইসলাম নামের একজন খন্ডকালীন নৈশপ্রহরী রয়েছে। তার দায়িত্বে থাকারই কথা।

উপজেলা আইসিটি অফিসার আব্দুল্লাহ আল নোমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জানালার গ্রিল কেটে ল্যাপটপগুলো চুরি করা হয়েছে। সিসি ক্যামেরা থাকলেও, সেটি চোর উপরের দিকে তুলে দিয়ে চুরি সংঘটিত করেছে। চেয়ারের উপর চোরের পায়ের ছাপ রয়েছে।

উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিউল ইসলাম চুরির বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

চাটমোহর থানার সেকেন্ড অফিসার এসআই আবুল কালাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এসএইচ/এসপি/সেপ্টেম্বর ১৩, ২০২৬)

পাঠকের মতামত:

১৩ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test