E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পকেট খরচের টাকা জোগাতে অটোভ্যান চালাত পঞ্চম শ্রেণির ছাত্র, মিলল মরদেহ

২০২৬ সেপ্টেম্বর ১৬ ১৮:৫৩:২২
পকেট খরচের টাকা জোগাতে অটোভ্যান চালাত পঞ্চম শ্রেণির ছাত্র, মিলল মরদেহ

বিকাশ স্বর্ণকার, সোনাতলা : পকেট খরচের টাকা জোগাতে অটোভ্যান চালাত পঞ্চম শ্রেণির স্কুলছাত্র আব্দুর রহমান (১৫)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর মঙ্গলবার) বিকেলে স্কুল থেকে বাড়ি ফিরে অটোভ্যান নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হয় সে। রাত পেরিয়ে বুধবার সকালে বগুড়ার সোনাতলা উপজেলায় সড়কের পাশের ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আব্দুর রহমান বগুড়ার গাবতলী উপজেলার লাংলুরহাট গোয়ালপাড়া গ্রামের ভ্যানচালক আমিনুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৪টার পর স্কুল থেকে বাড়িতে ফিরে অটোভ্যান নিয়ে বের হয় আব্দুর রহমান। এরপর বিকেল গড়িয়ে সন্ধ্যা ও রাত হলেও সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। আজ বুধবার সকালে সোনাতলা উপজেলার ভেলুরপাড়া থেকে সৈয়দ আহম্মদ কলেজ স্টেশন সড়কের লোহাগাড়া এলাকায় সড়কের পাশের ড্রেনের ভেতর এক কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে সোনাতলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এদিকে মরদেহ উদ্ধারের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আব্দুর রহমানের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাঁরা মরদেহটি আব্দুর রহমানের বলে শনাক্ত করেন।

স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যদের ধারণা, অটোভ্যানটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে আব্দুর রহমানকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ অনুসন্ধান শুরু করেছে।

(বিএস/এসপি/সেপ্টেম্বর ১৬, ২০২৬)

পাঠকের মতামত:

১৬ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test