E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ডেঙ্গু রোগীদের মশারি দিলেন মেয়রপ্রার্থী সোহেল রানা

২০২৬ সেপ্টেম্বর ১৭ ১৮:০৪:৩১
ডেঙ্গু রোগীদের মশারি দিলেন মেয়রপ্রার্থী সোহেল রানা

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্বাস্থ্য সুরক্ষায় ডেঙ্গু রোগীদের মধ্যে মশারি বিতরণ করেছেন পৌরসভার মেয়র প্রার্থী জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান। এ হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য মশারি সরবরাহ না থাকায় ব্যক্তিগত উদ্যোগে ডেঙ্গু আক্রান্ত সব রোগীকে একটি করে মশারি দেন ওই নেতা।

আজ বৃহস্পতিবার দুপুরে জেনারেল হাসপাতালে প্রতিটি ডেঙ্গু রোগীকে মশারি দেওয়া হয়।

মশারি বিতরণকালে জেলা যুবদলের সদস্য মো. ইমরান কায়ছার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান রতন, সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন মানিকসহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিতরণ শেষে মেয়র প্রার্থী সোহেল রানা খান বলেন, ডেঙ্গু জ্বরে যেন আমাদের জামালপুরবাসী আক্রান্ত না হয়, সেটি আমরা চেষ্টা করছি। আমি আমার দলীয় সকল নেতাকর্মীদের অনুরোধ করব, আপনারা আপনাদের স্ব-স্ব এলাকায় যে ময়লা-আবর্জনা রয়েছে সেগুলি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন এবং জনগণের পাশে দাঁড়াবেন। জনগণ যেন এই ডেঙ্গু মশা থেকে এবং ডেঙ্গুবাহিত রোগ থেকে বাঁচতে পারেন। সে নির্দেশনা আমাদের প্রধানমন্ত্রী দিয়েছেন। তাই নির্দেশনা অনুযায়ী আপনারা সকলেই জনগণের পাশাপাশি থাকবেন। জনগণকে সেবা দেওয়ার চেষ্টা করবেন।

তিনি আরও বলেন, আজকে আমরা এখানে এসেছিলাম ডেঙ্গু রোগী যারা রয়েছে তাদেরকে মশারি দেওয়ার জন্য। সকল ডেঙ্গুর রোগীদেরকে আমরা মশারি দিয়েছি এবং আরও যত মশারি অবশিষ্ট ছিল সেসব আমরা হাসপাতাল কর্তৃপক্ষের নার্সদের কাছে দিয়ে এসেছি আরও ডেঙ্গু রোগী এলে যাতে তারা মশারিগুলো পান।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০২৬)

পাঠকের মতামত:

১৭ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test