E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য দেশী-বিদেশী চক্রান্ত ছিল’

২০২৬ সেপ্টেম্বর ১৯ ১৯:০৫:৩৫
‘দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য দেশী-বিদেশী চক্রান্ত ছিল’

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : বাংলাদেশের শিক্ষাকে ধ্বংস করার জন্য বেশি-বিদেশি চক্রান্ত ছিলো বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।

আজ শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পৌর মাল্টিপারপাস সুপারমার্কেটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসএম জিলানী বলেন, দীর্ঘ ১৭ বছর বাঙালি জাতিকে পরিকল্পিতভাবে মেধাশূন্য করে দেওয়ার জন্য দেশী-বিদেশি ষড়যন্ত্র ছিলো। কারণ জাতিকে যদি মেধাশূন্য করে দেওয়া যায় তাহলে একটি রাষ্ট্র আমাদের উপর মোড়ল গিরি করতে পারবে। যদি আমরা শিক্ষিত হয়ে উন্নত জাতিতে পরিণত হই, তাহলে অনেকেই তাদের মোড়ল গিরি মানবে না।

তিনি বলেন, আগে শিক্ষকদের নির্দেশনা দেওয়া হতো শিক্ষার্থীরা খাতায় লেখুক বা না লেখুক তাকে পাস করিয়ে দিতে হবে। যার ফলশ্রুতিতে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পাস করতে পারতো না। কিন্তু বর্তমান নির্বাচিত গণতান্ত্রিক সরকার সেই ধারা থেকে বের হয়ে আসছে।

গ্যাস বিদ্যুৎ নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে এমপি জিলানী বলেন, দীর্ঘ ১৭ বছর আমাদের দেশে যে বিদ্যুৎ কেন্দ্রগুলো তৈরি করা হয়েছে সেগুলো গ্যাস ভিত্তিক। আমদানি করা গ্যাস দিয়েই আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো পরিচালনা করতে হয়। কিন্তু আমাদের দেশের অভ্যন্তরে যে গ্যাস রয়েছে সেটি উত্তোলনের জন্য নূন্যতম কোন পরীক্ষা বা সমীক্ষা করা হয়নি। এছাড়া গ্যাস বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য স্থায়ীভাবে কোন উদ্যোগ নেওয়া হয়নি। শুধুমাত্র পার্শ্ববর্তী একটি রাষ্ট্রকে সুবিধা দেওয়ার জন্য।

জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, গ্যাস- বিদ্যুৎ সমস্যা বর্তমান সরকারের সৃষ্ট কোন সমস্যা না। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমান ইতিমধ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছেন এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য। আমরা বিশ্বাস করি বাংলাদেশের এই সকল সমস্যার সমাধান হবে।

এরআগে টুঙ্গিপাড়া উপজেলায় প্রাথমিক, জুনিয়র বৃত্তি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৪৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেন গোপালগঞ্জ ৩ আসনের এমপি এসএম জিলানী।

অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক কুলোদানন্দ মল্লিকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. কাজী আবুল খায়ের, উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম, বর্নি ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর কবির সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০২৬)

পাঠকের মতামত:

১৯ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test