E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চালক-পথচারীদের সচেতন করতে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো

২০২৬ সেপ্টেম্বর ২৯ ১৯:৩৮:৪৩
চালক-পথচারীদের সচেতন করতে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সড়ক দুর্ঘটনা কমাতে চালক ও পথচারীদের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে সাতক্ষীরায় সচেতনতামূলক রোড শো করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেল। ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমাবে জীবন’ প্রতিপাদ্যে আজ মঙ্গলবার বিকেলে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঘরমুখো মানুষের যাত্রাকে নিরাপদ করা এবং সড়কে চালক-পথচারীদের দায়িত্বশীল আচরণে উদ্বুদ্ধ করতে বিআরটিএ, পুলিশের ট্রাফিক বিভাগ, বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে রোড শোর আয়োজন করা হয়।

বিআরটিএ খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (অঃ দাঃ) প্রকৌশলী তানভীর আহমেদের দিকনির্দেশনায় আয়োজিত কর্মসূচিতে বাস টার্মিনালে চালক, শ্রমিক, যাত্রী ও পথচারীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে মাইকিংয়ের মাধ্যমে নিরাপদ গতিতে যানবাহন চালানো, মানসম্মত হেলমেট ব্যবহার, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে সতর্কতার সঙ্গে চলাচলের বিষয়ে বিভিন্ন বার্তা প্রচার করা হয়।

সচেতনতামূলক মাইকিং পরিচালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মোহাম্মদ জমির হোসেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক, মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট মো. ওবায়দুর রহমান ও উচ্চমান সহকারী মো. নাসির উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আয়োজকদের মতে, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু যানবাহনের চালক নয়, পথচারী ও যাত্রীদেরও সচেতন ভূমিকা প্রয়োজন। বিশেষ করে অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ, হেলমেটের যথাযথ ব্যবহার এবং সড়ক পরিবহন আইন ও ট্রাফিক নির্দেশনা মেনে চলার অভ্যাস দুর্ঘটনার ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

রোড শো চলাকালে বাস টার্মিনালের চালক, শ্রমিক ও পথচারীদের মধ্যে কর্মসূচিটি নিয়ে আগ্রহ দেখা যায়। স্থানীয় সাধারণ মানুষও সড়ক নিরাপত্তা নিয়ে এ ধরনের জনসচেতনতামূলক উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেন।

(আরকে/এসপি/সেপ্টেম্বর ২৯, ২০২৬)

পাঠকের মতামত:

২৯ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test