E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শ্রীনগরে এলাকাবাসীর হাতে ইয়াবাসহ আটক দু'জনকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ 

২০২৬ অক্টোবর ০১ ১৮:৪৭:৪২
শ্রীনগরে এলাকাবাসীর হাতে ইয়াবাসহ আটক দু'জনকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ 

শ্রীনগর প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবদল নেতার ভাই ও আরেক যুবককে আটক করে এলাকাবাসী। পরে নিয়ে রাখা হয় একটি ক্লাবঘরে। ফোন দেওয়া হয় ৯৯৯ নম্বরে। ঘটনাস্থলে পুলিশ আসার আগেই শ্রীনগর উপজেলা যুবদলের সদস্য সুরুজ মোড়ল বিচারের আশ্বাস দিয়ে তার ভাইসহ আরেক যুবককে ছাড়িয়ে নিয়ে যায়। ইয়াবাসহ দুজনকে আটকের একটি ভিডিও ফুটেজ এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তন্তর ইউনিয়নের উত্তরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। কিন্তু আটক করা দুই যুবককে ফাঁসানো হয়েছে দাবী করে পরদিন শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গেছে, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সুরুজ মোড়লের ভাই সবুজ মোড়ল ও তার সঙ্গী রিয়াজ শিকদার মিলে রাতে উত্তরগাঁও থেকে পার্শ্ববর্তী রুসদী গ্রামে যায়। তারা ইয়াবা বিক্রি করছেন এমন অভিযোগ এনে তাদের কাছ থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদেরকে আটক করে উত্তরগাঁও গ্রামে নিয়ে আসা হয়। সেখানে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে সুরুজ মোড়ল বিচারের আশ্বাস দিয়ে তার ভাই সবুজ মোড়লসহ ভাইয়ের সঙ্গী রিয়াজ শিকদারকে ছাড়িয়ে নেয়। পরে ঘটনাস্থলে উপস্থিত হন শ্রীনগর থানার সাব-ইন্সপেক্টর মঈনুল হোসেন। তিনি কাউকে না পেয়ে ঘটনার বিষয়টি শুনে থানায় ফিরে আসেন। প্রতিপক্ষ ইয়াবা দিয়ে ফাঁসিয়েছে দাবী করে পরদিন বুধবার শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রিয়াজ শিকদার। এঘটনায় শ্রীনগর থানার এসআই রিপন আহমেদ বুধবার বিকালে তদন্ত করতে গেলে স্থানীয়রা সালিশ মানানো মাতবরদের উপর চড়াও হয়।

শ্রীনগর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সুরুজ মোড়লের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সামনের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে একটি পক্ষ আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য ঘটনাটি সাজিয়েছে। সেদিনের উদ্ভুত পরিস্থিতির কারণে মুরব্বিদের কথায় বুধবার বিকালে একসাথে বসার কথা স্বীকার করেছিলাম।

উত্তরগাঁও গ্রামের মাতুব্বর শাহাদাত সরদার বলেন, সালিশ মানার বিষয়টি সঠিক। কিন্তু সুরুজ মোড়ল থানায় অভিযোগ করায় গ্রামের লোকজন আমাদের উপর ক্ষিপ্ত হয়ে উঠেছে। তবে তারা ইয়াবা বিক্রি বা খেয়েছে কিনা তা আমি দেখিনি।

শ্রীনগর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সচিব মামুনুর রশিদ মামুন বলেন, সবুজ মোড়ল আমাদের কমিটির কেউ নয়। তার ভাই সুরুজ মোড়ল আহবায়ক কমিটির সদস্য। দলীয় নাম ভাঙ্গিয়ে কেউ সুবিধা নিতে চাইলে তা আমরা হতে দিবো না।

শ্রীনগর উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস বলেন, মাদকের বিষয়ে কোন আপোষ নয়। এই বিষয়ে কোন প্রশ্রয় নেই। তবে অযথা কেউ যেন হয়রানির শিকার না হয়।

শ্রীনগর থানার এসআই রিপন আহমেদ বলেন, লিখিত অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্তাধীন রয়েছে।

(এআই/এসপি/অক্টোবর ০১, ২০২৬)

পাঠকের মতামত:

০১ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test