E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

টঙ্গী রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে কক্সবাজার ভ্রমণ সম্পন্ন 

২০২৬ অক্টোবর ০৪ ০১:২৮:৫১
টঙ্গী রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে কক্সবাজার ভ্রমণ সম্পন্ন 

মোঃ জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী : টঙ্গী রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সদস্যদের নিয়ে আয়োজিত দুই রাত তিন দিনের কক্সবাজার ভ্রমণ-২০২৬ আনন্দ-উচ্ছ্বাস ও সৌহার্দ্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। ভ্রমণে সাংবাদিক ও সাংবাদিক দম্পতিদের অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়।

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টা ১৫ মিনিটে টঙ্গীর চেরাগআলী এলাকার হক ফ্যাক্টরি মোড় থেকে একটি বিলাসবহুল স্লিপিং কোচ কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাত্রার শুরুতেই গাড়িতে উপস্থিত সাংবাদিক ও সাংবাদিক দম্পতিরা পবিত্র কোরআন তিলাওয়াত শেষে মোনাজাতে অংশগ্রহণ করেন। এ সময় তারা নিরাপদ ও সুন্দর ভ্রমণের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।

যাত্রাপথে প্রায় তিন ঘণ্টা পর সবাই একসঙ্গে রাতের খাবার গ্রহণ করেন। এরপর দীর্ঘ পথ পাড়ি দিয়ে ভোরের আলো ফুটতেই বাসের জানালায় ধরা দেয় প্রকৃতির অপরূপ সৌন্দর্য। পূর্ব আকাশে সূর্যের সোনালি আভা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মৃদু শীতল বাতাস ও শান্ত পরিবেশে ভ্রমণকারীদের মধ্যে দেখা দেয় নতুন উচ্ছ্বাস।

সকাল ৭টার দিকে কক্সবাজারে পৌঁছান টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সদস্যরা। সমুদ্রনগরীতে পৌঁছেই শুরু হয় আনন্দ-উচ্ছ্বাস, ছবি তোলা, ভিডিও ধারণ, আড্ডা, গল্প ও গান। কর্মব্যস্ত সাংবাদিক জীবনের ক্লান্তি ভুলে সবাই মেতে ওঠেন নির্মল আনন্দে। পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও ভালোবাসার বন্ধনে পুরো ভ্রমণটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত।

কক্সবাজারের সমুদ্রসৈকত, পাহাড়, মেরিন ড্রাইভ, ঝাউবন ও লাল কাঁকড়ার বিচরণসহ প্রকৃতির নান্দনিক সৌন্দর্য উপভোগ করেন ভ্রমণকারীরা। সমুদ্রের নীল জলরাশিতে সময় কাটানোর পাশাপাশি বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন তারা। ব্যস্ততার মাঝে এমন একটি অবকাশ যেন সবার মধ্যে ফিরিয়ে আনে নতুন প্রাণচাঞ্চল্য।

ভ্রমণ প্রসঙ্গে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা নোয়াব আলী বলেন, “সকল সদস্যকে নিয়ে এত সুন্দর একটি ভ্রমণে আসতে পেরে খুবই ভালো লাগছে। যারা আমাকে এমন আনন্দময় ভ্রমণ সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেছেন, তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ। পাশাপাশি আয়োজনটি প্রাণবন্ত করে তুলতে সকল সদস্যের ভূমিকাও প্রশংসার দাবি রাখে।”

টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা নোয়াব আলীর সার্বিক দিকনির্দেশনায় এবং সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ চৌধুরী, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান সাহা, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান ও কোষাধ্যক্ষ জাফর আলীর তত্ত্বাবধানে ভ্রমণটি অনুষ্ঠিত হয়।

দুই রাত তিন দিনের এই ভ্রমণ শেষে বৃহস্পতিবার ভোরে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সদস্যরা নিরাপদে নিজ নিজ বাড়িতে ফিরে যান। সদস্যদের পারস্পরিক সম্প্রীতি, আনন্দ ও সৌহার্দ্যের কারণে এবারের কক্সবাজার ভ্রমণটি দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলে জানান অংশগ্রহণকারীরা।

(জেএজে/এএস/অক্টোবর ০৪, ২০২৬)

পাঠকের মতামত:

০৪ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test