E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জমি নিয়ে বিরোধের জেরে কাশিয়ানীতে হামলার অভিযোগ, আহত মা-ছেলে

২০২৬ অক্টোবর ০৪ ১৭:৪৬:২২
জমি নিয়ে বিরোধের জেরে কাশিয়ানীতে হামলার অভিযোগ, আহত মা-ছেলে

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় জমি নিয়ে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মা-ছেলেসহ তিনজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাকিব (২৬) নামে এক ব্যক্তি কাশিয়ানী থানায় লিখিত অভিযোগ করেছেন। তবে একই ঘটনায় উভয় পক্ষের পক্ষ থেকেই থানায় অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর গ্রামে এ ঘটনা ঘটে। সাকিবের অভিযোগ, পূর্ববিরোধের জেরে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়ির পশ্চিম পাশে থাকা জমিতে প্রবেশ করেন। এ সময় জমির গাছের ডাল কাটতে বাধা দিলে আরমান শেখের নির্দেশে পিরোজ শেখ ধারালো রামদা দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দেন। এতে তার মাথায় গুরুতর রক্তাক্ত জখম হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সাকিব আরও অভিযোগ করেন, মিঠুন শেখ লোহার রড দিয়ে তার মাথায় আঘাতের চেষ্টা করেন। তিনি সরে গেলে রডের আঘাত পিঠে লাগে। এছাড়া মাহফুজুর শেখ কাঠের লাঠি দিয়ে তাকে আঘাত করেন এবং অন্যরা এলোপাতাড়ি মারধর করে তার শরীরের বিভিন্ন স্থানে জখম করেন বলে দাবি করেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, সাকিবকে মারধরের সময় তার মা মোছা. চায়না বেগম (৫৫) ও ভাই জুয়েল শেখ (২৮) এগিয়ে এলে তাদের ওপরও হামলা করা হয়। এতে চায়না বেগমের বাম হাতের কব্জিতে গুরুতর আঘাত লাগে বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া কামরান শেখ লোহার রড দিয়ে চায়না বেগমকে আঘাত করেন এবং সাহাবুর শেখ তার পরনের কাপড় টেনে ছিঁড়ে শ্লীলতাহানি করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, শিরী বেগম, লতা বেগম, ফরিদা বেগম ও পারভীন খানম লাঠি দিয়ে চায়না বেগমকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। এ সময় তার গলায় থাকা প্রায় ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য এক লাখ টাকা, নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।

অন্যদিকে, ঘটনার একপর্যায়ে জীবন শেখ ও আরমান শেখ লাঠি দিয়ে সাকিবের ভাই জুয়েল শেখকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

সাকিবের দাবি, তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল থেকে চলে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত সাকিব, তার মা চায়না বেগম ও ভাই জুয়েল শেখকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় ছালেমান শেখ, হাফিজুর শেখ, মোবাজেল শেখ ও মন্টু মোল্যাসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “এ ঘটনায় থানায় উভয় পক্ষের দুটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

(টিবি/এসপি/অক্টোবর ০৪, ২০২৬)

পাঠকের মতামত:

০৪ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test