E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে ঘের লুটপাট, ১০ লাখ টাকার ক্ষতি

২০২৬ অক্টোবর ০৫ ১৮:৪২:৩৬
সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে ঘের লুটপাট, ১০ লাখ টাকার ক্ষতি

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সরকারি নির্দেশ অমান্য করে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ কেটে পিভিসি পাইপ স্থাপন, মৎস্য ঘেরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ সময় ঘেরের আইলে থাকা বিপুল পরিমাণ ফলজ গাছও কেটে ফেলা হয়েছে। গতকাল রবিবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ঘের মালিক বাগডাঙ্গি গ্রামের জয়নাল আবেদীন জানান, পৈতৃক সূত্রে পাওয়া ৮ বিঘা জমিতে দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে তিনি মাছ চাষ করে আসছেন। সম্প্রতি ওই ঘেরটির ওপর নজর পড়ে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুস সবুরের। তিনি দীর্ঘদিন ধরে ঘেরটি দখলের অপচেষ্টা চালিয়ে আসছিলেন।

জয়নাল আবেদীন জানান,তাদের এলাকায় কোনো জলাবদ্ধতা নেই। তা সত্ত্বেও জলাবদ্ধতার অজুহাত তুলে জামায়াত নেতা আব্দুস সবুর এবং তাঁর ভাইপো রুহুল আমিন, মোস্তাফিজুর রহমান, রুহুল কুদ্দুস, আব্দুর রাজ্জাক ও আবুল হোসেনের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী রাতের আঁধারে তার ঘেরে হামলা ও লুটপাট চালায়। শুধু তা-ই নয়, তারা ঘেরে আগুন ধরিয়ে দেয় এবং আইলে থাকা আম ও পেঁপেসহ নানা প্রজাতির ফলজ গাছ কেটে তছনছ করে। এতে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। গাছপালা কাটতে ও লুটপাটে বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকি দেয়া হয়।

জানা গেছে, উক্ত স্থানে কোনো ব্যক্তি বা সাধারণ মানুষের যেন ক্ষতি না হয়, সে লক্ষ্যে কালভার্ট কিংবা পিভিসি পাইপ নির্মাণ না করার জন্য গত ৪ অক্টোবর নির্দেশ দিয়েছিলেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া। কিন্তু জামায়াত নেতা সবুর ও তাঁর লোকেরা সেই সরকারি নির্দেশ অমান্য করে এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে ওয়াপদার বেড়িবাঁধ কেটে অবৈধভাবে পিভিসি পাইপ বসিয়ে মাটি দিয়ে ঢেকে দেয়।

ঘটনার বিবরণ দিয়ে স্থানীয় বাসিন্দা ওমর ফারুখ আবেগপ্লুত হয়ে বলেন, "রাতের আঁধারে এমন তাণ্ডব ও লুটপাট আমরা কখনো দেখিনি। আমার ভাই ঘেরের মাছগুলো রক্ষা করতে চেয়েছিল, কিন্তু সন্ত্রাসীরা সেই সুযোগ দেয়নি। এক রাতেই তাঁর সারা জীবনের সম্বল শেষ করে দেওয়া হয়েছে। আমার ভাই এখন নিঃস্ব। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের আকুল দাবি—যারা এই ন্যাক্কারজনক লুটপাট ও অগ্নিসংযোগ ঘটিয়েছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।"

এ ব্যাপারে জানতে চাইলে জামায়াত নেতা আব্দুস সবুর তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কারা লুটপাট বা ভাঙচুর করেছে তা তার জানা নেই। তিনি সেখান থেকে চলে আসার পর পেছনে কী ঘটেছে, তা তার পক্ষে বলা সম্ভভ নয়।

(আরকে/এসপি/অক্টোবর ০৫, ২০২৬)

পাঠকের মতামত:

০৫ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test