E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইলে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

২০২৬ অক্টোবর ০৬ ১৫:০৪:৫৮
নড়াইলে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার দেবদুন গ্রামে নুর আরাফাত মোল্যা (৩৪) নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মাদক বেচাকেনা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) রাত ১১টার দিকে দেবদুন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুর আরাফাত ওই গ্রামের মোকিদুল মোল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে নুর আরাফাতকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় পরিবারের নারী সদস্যরা তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় নুর আরাফাতকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী বলেন, মাদক বেচাকেনা নিয়ে বিরোধের জেরে একই গ্রামের কবির হোসেন, জিসানসহ ৪ থেকে ৫ জন মিলে আরাফাত মোল্যাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি আরও তদন্ত করা হচ্ছে।

ওসি জানান, নিহত আরাফাত মোল্যার বিরুদ্ধে ১০টির বেশি মামলা রয়েছে। তার নামে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

(আরএম/এএস/অক্টোবর ০৬, ২০২৬)


পাঠকের মতামত:

০৬ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test