E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নহাটা শ্মশান কালীবাড়ি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার আলোয় ৩০ শিশু

২০২৬ অক্টোবর ০৮ ১৭:৫৮:৪৩
নহাটা শ্মশান কালীবাড়ি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার আলোয় ৩০ শিশু

বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা শ্মশান কালীবাড়ি। সবুজে ঘেরা মনোরম পরিবেশে গড়ে ওঠা এই প্রাঙ্গণেই নিয়মিত শিক্ষা গ্রহণ করছে, ৩০ জন কোমলমতি শিশু। বই-খাতার পাশাপাশি প্রাথমিক ধর্মীয় ও নৈতিক শিক্ষার ধারণা নিয়ে বেড়ে উঠছে তারা।

মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ষষ্ঠ পর্যায়ের আওতায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হচ্ছে নহাটা শ্মশান কালীবাড়ি প্রাক-প্রাথমিক বিদ্যালয়।

সকাল হলেই মায়ের হাত ধরে বিদ্যালয়ে আসে শিশুরা। তাদের কোলাহলে মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের প্রাথমিক ধারণা দেওয়ার মাধ্যমে শিশুদের প্রাথমিক শিক্ষার ভিত্তি গড়ে তোলার চেষ্টা চলছে এখানে।

রবিবার থেকে বৃহস্পতিবার-সপ্তাহে পাঁচ দিন সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা ৩০ মিনিট পর্যন্ত চলে বিদ্যালয়ের পাঠদান। অভিজ্ঞ শিক্ষিকা স্বপ্না রাণী স্বর্ণকার নিয়মিত শিশুদের পাঠদান ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন।

নবগঙ্গার তীরঘেঁষা নির্মল পরিবেশে শিশুদের এই পাঠদান যেন শিক্ষা, প্রকৃতি ও স্থানীয় সংস্কৃতির এক সুন্দর সমন্বয় তৈরি করেছে। ছোট্ট হাতে বই-খাতা নিয়ে বিদ্যালয়ে আসা এসব শিশুর মধ্যেই দেখা যায় আগামীর সুন্দর ভবিষ্যতের স্বপ্ন।

শিক্ষার আলোয় বেড়ে ওঠা এসব কোমলমতি শিশুর হাসি ও প্রাণচাঞ্চল্যই হয়ে উঠেছে নহাটা শ্মশান কালীবাড়ি প্রাঙ্গণের প্রতিদিনের চিত্র।

(বিএস/এসপি/অক্টোবর ০৮, ২০২৬)

পাঠকের মতামত:

০৮ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test