E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জামালপুরে জমি নিয়ে বিরোধে বাড়িঘরে হামলা-মারধর, থানায় অভিযোগ

২০২৬ অক্টোবর ১১ ১৫:৪০:৪১
জামালপুরে জমি নিয়ে বিরোধে বাড়িঘরে হামলা-মারধর, থানায় অভিযোগ

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার আরংহাটি এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে বাড়িঘরে হামলা, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ১১ অক্টোবর রবিবার দুপুরে সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শামীম আহমেদ নামের এক ভুক্তভোগী।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, চলতি বছরের ১০ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে ভুক্তভোগীর বসতবাড়িতে এ ঘটনা ঘটায় অভিযুক্তরা।

অভিযোগকারী শামীম আহমেদের দাবি, জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের সঙ্গে বিরোধে জড়িয়ে আসছিলেন বিবাদীরা। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সংঘবদ্ধ হয়ে তাঁর বাড়িতে প্রবেশ করেন।

লিখিত অভিযোগে বলা হয়, এ সময় বিবাদীরা তাঁকে গালিগালাজ ও মারধর করেন। একপর্যায়ে লোহার পাইপ ও রড দিয়ে আঘাত করা হলে তিনি শরীরের বিভিন্ন স্থানে আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসা নিচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, জমি নিয়ে বিরোধের জেরে এর আগেও তাঁদের মধ্যে বিরোধ ও মারধরের ঘটনা ঘটেছে। ঘটনার সময় অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেন বলেও দাবি করেছেন অভিযোগকারী শামীম আহমেদ।

এ ঘটনায় আরংহাটি এলাকার মৃত মমতাজ উদ্দিনের ছেলে মিন্টু (৪৮), মৃত রইচ উদ্দিনের ছেলে জয়েন উদ্দিন (৪৬), মিন্টুর ছেলে শিমুল (২৩) ও স্ত্রী শেফালী বেগম (৪০), জয়েন উদ্দিনের স্ত্রী আছমা বেগমের (৪৩) নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগকারী ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(আরআর/এএস/অক্টোবর ১১, ২০২৬)

পাঠকের মতামত:

১১ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test