E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালথায় জমি দখল করে গোয়ালঘর নির্মাণ করার অভিযোগ

২০২৬ অক্টোবর ১৫ ১৮:২৩:৫৩
সালথায় জমি দখল করে গোয়ালঘর নির্মাণ করার অভিযোগ

সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় জমি দখল করে গোয়ালঘর নির্মাণ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে রাজিব ফকির ও তাঁর বাবা সূর্য ফকিরের বিরুদ্ধে। এ ঘটনায় জমির দখল ফিরে পাওয়া এবং পরিবারের নিরাপত্তা চেয়ে সালথা থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. মুজিবুর রহমান।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী গ্রামের বাসিন্দা মো. মুজিবুর রহমানের জমিতে গত ১৪ অক্টোবর গোয়ালঘর নির্মাণ করেন রাজিব ফকির ও তাঁর বাবা সূর্য ফকির। এ সময় তাঁকে জমি থেকে বঞ্চিত করা এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ করেন মুজিবুর রহমান। এ ঘটনায় প্রতিকার চেয়ে ১৫ অক্টোবর সালথা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

ভুক্তভোগী মুজিবুর রহমান অভিযোগের বিষয়ে প্রতিকার চেয়ে নিজের জমির দখল ফিরে পাওয়া এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে সূর্য ফকির বলেন, এটি আমাদের নানাবাড়ির সম্পত্তি। আমরা অনেক বছর ধরে এখানে বসবাস করছি। অভিযোগকারী আমাদের মামা। এতদিন তিনি কিছু বলেননি, কিন্তু এখন গোয়ালঘর নির্মাণের সময় বাধা দিচ্ছেন। জমির কাগজপত্র তাঁদের কাছে রয়েছে। অন্য জমির সঙ্গে এই জমিটিও তাঁরা রেকর্ড করে নিয়েছেন বলে দাবি করছেন।

এদিকে, জমিটির মালিকানা ও দখল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের বিষয়টি সামনে এসেছে। জমির প্রকৃত মালিকানা নির্ধারণে সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করা প্রয়োজন।

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, “জোরপূর্বক জমি দখল করে গোয়ালঘর নির্মাণের বিষয়ে ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

(এএন/এসপি/অক্টোবর ১৫, ২০২৬)

পাঠকের মতামত:

১৫ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test