E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সোনাতলায় দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, ৫৩ মন্দিরে কঠোর নিরাপত্তা

২০২৬ অক্টোবর ১৫ ১৮:২৭:৫৯
সোনাতলায় দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, ৫৩ মন্দিরে কঠোর নিরাপত্তা

বিকাশ স্বর্ণকার, সোনাতলা : রাত পোহালেই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। দেবী দুর্গাকে বরণ করে নিতে বগুড়ার সোনাতলা উপজেলার মন্দিরে মন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আলোকসজ্জায় সেজেছে মন্দির প্রাঙ্গণ। প্রতিমায় রংতুলির শেষ আঁচড় দিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। 

অন্যদিকে, মণ্ডপের সাজসজ্জা ও আলোকসজ্জার কাজ সম্পন্ন করতে ব্যস্ত সময় পার করছেন ডেকোরেটর শ্রমিকেরা। উৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা। পূজার সার্বিক প্রস্তুতির পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে উপজেলা প্রশাসন, পুলিশ ও আনসার-ভিডিপি।

উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, সোনাতলা উপজেলায় এবার ৫৩টি মন্দিরে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে অধিকাংশ মন্দিরে প্রতিমা নির্মাণ, রং করা, মণ্ডপ সাজানো ও আলোকসজ্জার কাজ প্রায় শেষ হয়েছে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ স্বর্ণকার বলেন, ‘আমাদের উপজেলায় ৫৩টি মন্দিরে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। পূজা উদযাপনের জন্য সব মন্দিরে প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করছি, পরশু থেকে মন্দিরগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের আগমন বাড়বে। সবাই যেন নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক বলেন,পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে মন্দিরগুলোর সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেওয়া হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি মন্দিরে সিসিটিভি ক্যামেরা স্থাপনের বিষয়ে বলা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘পূজামণ্ডপ গুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। আমি নিজে এবং থানার অন্যান্য কর্মকর্তারা বিভিন্ন মন্দির পরিদর্শন করেছি। পূজা চলাকালে প্রতিটি মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। আশা করছি, সনাতন ধর্মাবলম্বীদের এই বৃহৎ ধর্মীয় উৎসব সুষ্ঠু, সুন্দর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হবে।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পূজা চলাকালে দায়িত্ব পালনের জন্য আনসার ও ভিডিপি সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন মন্দিরে নিরাপত্তার দায়িত্ব পালনের জন্য সদস্যদের পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, প্রশাসন, পুলিশ, আনসার-ভিডিপি, পূজা উদযাপন পরিষদ ও স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতায় সোনাতলায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।

(বিএস/এসপি/অক্টোবর ১৫, ২০২৬)

পাঠকের মতামত:

১৫ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test