E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গ্যাস-জ্বালানি সংকট নিরসনে লাগবে আরও এক বছর: পর্যটন মন্ত্রী

২০২৬ অক্টোবর ১৬ ১৮:১৩:২৯
গ্যাস-জ্বালানি সংকট নিরসনে লাগবে আরও এক বছর: পর্যটন মন্ত্রী

রাজন্য রুহানি, জামালপুর : দেশে চলমান গ্যাস ও জ্বালানি সংকট পুরোপুরি নিরসন হতে আরও প্রায় এক বছর সময় লাগবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় ইউরোপের বাজারের উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে ডিজেলের দাম অনেক বেশি হওয়া সত্ত্বেও দেশের কিছু লোক অকারণে সাধারণ মানুষকে উসকে দিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন করাতে চায়।

আজ শুক্রবার সকালে জামালপুরের বকশীগঞ্জে উপজেলা প্রশাসন ও কৃষি অফিস আয়োজিত সামাজিক সুরক্ষা প্রদান, সংবর্ধনা এবং বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে দেশের বিরুদ্ধে ছড়ানো অপতথ্য ও গুজবের কড়া সমালোচনা করে কড়া হুঁশিয়ারি দেন মন্ত্রী। তিনি বলেন, একটি নির্দিষ্ট দলের ‘বট বাহিনী’র মাধ্যমে দেশবিরোধী অপতথ্য ছড়ানো হচ্ছে। এই অপতথ্য রুখতে মাঠপর্যায়ে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বিগত অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করে মন্ত্রী বলেন, "অন্তর্বর্তী সরকার গত দেড় বছরে দেশের অনেক ক্ষতি করে গেছে। তারা সুদূরপ্রসারী পরিকল্পনার মাধ্যমে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার চক্রান্ত করেছিল, যা দেশের সচেতন জনগণ সফল হতে দেয়নি।"

তবে বর্তমান সরকারের প্রতি বহির্বিশ্বের পূর্ণ সমর্থন রয়েছে উল্লেখ করে মন্ত্রী জানান, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফল সাক্ষাৎ হয়েছে, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশের পোশাক খাতের ভূয়সী প্রশংসা করেছেন।

দলীয় নেতা-কর্মীদের সতর্ক করে তিনি স্পষ্ট ভাষায় বলেন, দলের ভেতরে কেউ কোনো বিশৃঙ্খলা বা অন্যায়ে জড়িত হলে তাকে তাৎক্ষণিক বহিষ্কার করা হবে। এছাড়া শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব রাজনৈতিক দল ও সরকারি কর্মচারীদের একসঙ্গে কাজ করার নির্দেশ দেন এবং মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতি পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে মন্ত্রী বকশীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষমেলা-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং চারা রোপণ করেন। পরবর্তীতে তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন। পাশাপাশি অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন সহায়তা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বিশেষ শিক্ষাবৃত্তি এবং পূজামণ্ডপগুলোতে সরকারি অনুদান ও অগ্নিনির্বাপণ যন্ত্র বিতরণ করা হয়।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(আরআর/এসপি/অক্টোবর ১৬, ২০২৬)

পাঠকের মতামত:

১৬ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test