E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

 পাংশায় গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

২০২৬ অক্টোবর ২৭ ১৫:৪৫:৫৭
 পাংশায় গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় সকল ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের দক্ষতা ও কর্মক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) আয়োজনে এবং পাংশা উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) মহাপরিচালক (সচিব) মোঃ আমিনুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, গ্রাম পুলিশ সদস্যদের জ্ঞান, দক্ষতা ও জনগণের সঙ্গে আচরণের মানোন্নয়নে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় সরকারের বিভিন্ন কার্যক্রমে তাঁদের দায়িত্ব ও কাজের পরিধি দিন দিন বাড়ছে। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জন্ম-মৃত্যু নিবন্ধনের তথ্য সংগ্রহ, মাদকবিরোধী কার্যক্রম এবং বাল্যবিবাহ প্রতিরোধেও তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তিনি প্রশিক্ষণার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং আধুনিক প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহারে দক্ষতা বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে প্রশিক্ষণটি ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজবাড়ী জেলা কমান্ডার মোঃ জুয়েল রানা, পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাকিবুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদ আহম্মেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিফাতুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গিয়াস উদ্দিন খান, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও পবিত্র গীতা পাঠ করা হয়। পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারী গ্রাম পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, ২৭ অক্টোবর থেকে ২৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্স চলবে। এতে মোট ৪০ জন গ্রাম পুলিশ সদস্য অংশ নিচ্ছেন।

প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের পেশাগত জ্ঞান, দক্ষতা ও দায়িত্ব পালনের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

(একে/এএস/অক্টোবর ২৭, ২০২৬)

পাঠকের মতামত:

২৭ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test