E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শিয়াল তাড়ানোর বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল খামার শ্রমিকের

২০২৬ অক্টোবর ২৭ ১৭:৫৫:০৫
শিয়াল তাড়ানোর বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল খামার শ্রমিকের

ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে শিয়াল ও বন্য প্রাণীর হাত থেকে মুরগি রক্ষায় পোলট্রি খামারের চারপাশে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল-আমিন হোসেন (২৫) নামে এক খামারশ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) ভোরে উপজেলার নওদাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল-আমিন মুলাডুলি ইউনিয়নের দরগাপাড়া এলাকার আরব সরদারের ছেলে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নওদাপাড়া এলাকার তালেব মণ্ডলের ছেলে বিশু মণ্ডলের একটি পোলট্রি খামার ভাড়া নিয়ে বেশ কিছুদিন ধরে ব্যবসা করছেন জগন্নাথপুর এলাকার বাসিন্দা সজীব হোসেন। ওই খামারে শ্রমিক হিসেবে কাজ করতেন আল-আমিন।

স্থানীয় সূত্র জানায়, রাতে শিয়াল ও বন্য প্রাণীর উপদ্রব থেকে মুরগি রক্ষায় খামারের চারপাশে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখা হয়েছিল। সোমবার ভোরে ফজরের নামাজ শেষে খামারে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত ওই ফাঁদে জড়িয়ে পড়েন আল-আমিন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে রূপপুর মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আল-আমিনের মরদেহ উদ্ধার করেন।

(এসকেকে/এসপি/অক্টোবর ২৭, ২০২৬)

পাঠকের মতামত:

২৭ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test