E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাদক, গণমাধ্যম ও ব্যাংকিং খাত নিয়ে বিএনপি সরকারের তীব্র সমালোচনা নাহিদ ইসলামের

২০২৬ অক্টোবর ২৮ ১৮:৫২:২৮
মাদক, গণমাধ্যম ও ব্যাংকিং খাত নিয়ে বিএনপি সরকারের তীব্র সমালোচনা নাহিদ ইসলামের

রাজবাড়ী প্রতিনিধি : মাদক নিয়ন্ত্রণ, গণমাধ্যমের স্বাধীনতা, ব্যাংকিং খাতের প্রয়োজনীয় সংস্কার, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং পুলিশ বাহিনীর ভূমিকা নিয়ে বর্তমান বিএনপি সরকারের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি।

আজ বুধবার দুপুরে রাজবাড়ী পৌর মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজবাড়ী জেলা শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এনসিপির সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, "অতীতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা মাদক কারবারিদের প্রশ্রয় দিতেন, আর এখন বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠছে।" এ পরিস্থিতিতে পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারছে না দাবি করে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ এলাকাতেই মাদক নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে তীব্র প্রশ্ন তোলেন।

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কথা বলতে গিয়ে এনসিপি প্রধান অভিযোগ করেন যে, বর্তমান বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না। পাশাপাশি ব্যাংকিং খাতে এখনো আশানুরূপ কোনো সংস্কার না হওয়ায় এবং ব্যাংক ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা দিন দিন কমে যাওয়ার বিষয়টিও তিনি তাঁর বক্তব্যে জোর দিয়ে তুলে ধরেন।

দেশে বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ার অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, বিএনপির ছত্রছায়ায় তাদের দলীয় ক্যাডাররা বেপরোয়া হয়ে উঠেছে। পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি ক্রসফায়ার-সংক্রান্ত এক বক্তব্যের জন্য আইজিপির ক্ষমা চাওয়ার বিষয়টি টেনে এনে তা প্রত্যাহারের দাবি জানান। একই সাথে বর্তমান সরকার অতীতের মতোই পুলিশ বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বলে তিনি মন্তব্য করেন।

উক্ত মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সারজিস আলম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম ও আবীদ, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ মোহাম্মদ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলা থেকে আগত জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

(একে/এসপি/অক্টোবর ২৮, ২০২৬)

পাঠকের মতামত:

২৮ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test