E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় তরুণ নিহত

২০২৬ অক্টোবর ২৯ ১৭:৫১:৩১
রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় তরুণ নিহত

রাজবাড়ী প্রতিনিধি : কানে হেডফোন গুঁজে রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন ১৮ বছর বয়সী এক তরুণ। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ফুটবল মাঠ সংলগ্ন কালুখালী-ভাটিয়াপাড়া রেলপথে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত যুবকের নাম ছাব্বির মৃধা (১৮)। তিনি উপজেলার জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতি মোহন গ্রামের বাসিন্দা সহিদ মৃধার ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বুধবার বিকেলে তরুণ ছাব্বির কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে জামালপুর বাজারের ফুটবল মাঠ সংলগ্ন রেললাইনের কোল ঘেঁষে হাঁটছিলেন। ঠিক সে সময়ই ভাটিয়াপাড়া অঞ্চল থেকে ছেড়ে আসা কালুখালীগামী একটি ট্রেন উক্ত এলাকা অতিক্রম করছিল। ট্রেনটি অত্যন্ত কাছাকাছি চলে আসলেও কানে হেডফোন থাকায় এবং মনোযোগ অন্য দিকে থাকায় তিনি ট্রেনের উপস্থিতি ও হুইসেল টের পাননি। মুহূর্তের মধ্যে ট্রেনের সাথে সজোরে ধাক্কা লেগে রেললাইনের পাশে ছিটকে পড়ে যান ছাব্বির। এতে ঘটনাস্থলেই তাঁর করুণ মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা আফসোস করে জানান, কানে হেডফোন ও গান চলার কারণে কোনোভাবেই ট্রেনের হুইসেল বা চলাচলের বিকট শব্দ তিনি শুনতে পাননি। চালক সতর্ক করার চেষ্টা করলেও ট্রেনের উপস্থিতি বুঝে ওঠার আগেই দুর্ঘটনাটি ঘটে যায়।

এদিকে, আকস্মিকভাবে এই তরুণের মর্মান্তিক মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে নিহতের পরিবার, স্বজন ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েন নিহতের স্বজনরা।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী রেলওয়ে পুলিশ স্টেশনের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, “ঘটনার খবর পাওয়া মাত্রই দুর্ঘটনাস্থলে পুলিশ সদস্য পাঠানো হয়েছে। লাশ উদ্ধারসহ এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।”

(একে/এসপি/অক্টোবর ২৯, ২০২৬)

পাঠকের মতামত:

২৯ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test