E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বগুড়ায় ২৬০০ পিস ইয়াবাসহ বাস হেলপার গ্রেপ্তার

২০২৬ অক্টোবর ২৯ ১৮:৪৮:৩৫
বগুড়ায় ২৬০০ পিস ইয়াবাসহ বাস হেলপার গ্রেপ্তার

এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : বগুড়ায় যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে ২৬০০ পিস ইয়াবাসহ মো. জিম বাবু (২২) নামের বাস হেলপারকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে সদর উপজেলার নওদাপাড়া এলাকায় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার জিম বাবু রংপুরের তাজহাট থানার ধর্মদাস মিলনপাড়া এলাকার শামীম মিয়ার ছেলে। তিনি কক্সবাজার থেকে দিনাজপুরগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি দল জানতে পারে যে কক্সবাজার থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী শ্যামলী পরিবহনের একটি বাসে মাদক পাচার করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে নওদাপাড়া এলাকায় বাসটিতে তল্লাশি চালানো হয়।

অভিযানের সময় বাসটির ইঞ্জিন কভারে বসা হেলপার জিম বাবুর শরীর ও তাঁর সঙ্গে থাকা স্কুল ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের ভেতরে পুরাতন কাপড়ের নিচে লুকিয়ে রাখা ১৩টি পলি প্যাকেটে মোট ২৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক ওজন ২৬০ গ্রাম এবং বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা। এছাড়া মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের উপ-পরিচালক জিললুর রহমান বলেন, এই মাদকের চালানের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। এ চক্রের অন্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। সরকারের ঘোষণা অনুযায়ী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান চলমান থাকবে। এ ঘটনায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

(এআর/এসপি/অক্টোবর ২৯, ২০২৬)

পাঠকের মতামত:

২৯ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test