E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাংশায় জাতীয় যুব দিবস উদযাপন

২০২৬ নভেম্বর ০১ ১৫:০১:২৭
পাংশায় জাতীয় যুব দিবস উদযাপন

একে আজাদ, রাজবাড়ী : “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

রবিবার (১ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, পাংশা, রাজবাড়ীর আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, যুব সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের মধ্যে ১০ জনকে সনদপত্র প্রদান করা হয়। এছাড়া ১২ জন যুবকের মাঝে মোট ১২ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি যুবকদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী ও মেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় যুব দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিফাতুল হক।

পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মুহঃ জাহাঙ্গীর হোসেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

এ সময় বক্তব্য রাখেন পাংশা উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা. মোঃ শাকিল আহমেদ এবং পাংশা উপজেলা প্রকৌশলী প্রনব কান্তি বল।

এছাড়াও বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান রাজা এবং পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শওকত সরদার।

আলোচনা সভায় বক্তারা বলেন, যুবসমাজ দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম চালিকাশক্তি। প্রশিক্ষণ, দক্ষতা অর্জন ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে যুবকদের নিজেদের প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। বেকারত্ব দূরীকরণ এবং দক্ষ উদ্যোক্তা তৈরিতে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

অনুষ্ঠানে স্থানীয় প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয় যুব দিবসের এ আয়োজনের মাধ্যমে যুবসমাজের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
(একে/ এএস/নভেম্বর ০১, ২০২৬)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test