E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ট্রাফিক আইন মানার আহ্বান, সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর নিরাপদ সড়ক কর্মশালা

২০২৬ নভেম্বর ০১ ১৮:০৭:২৫
ট্রাফিক আইন মানার আহ্বান, সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর নিরাপদ সড়ক কর্মশালা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নতুন প্রজন্মের মধ্যে নিরাপদ সড়ক ব্যবহারের সংস্কৃতি গড়ে তুলতে সাতক্ষীরায় শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এরই অংশ হিসেবে শহরের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা প্রতিরোধবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১২টায় শহরের পলাশপোল আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং দুপুর ১টায় শহরতলির সাতক্ষীরা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে পৃথকভাবে এসব কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় শিক্ষার্থীদের সড়ক ব্যবহারের মৌলিক নিয়ম, ট্রাফিক আইন মেনে চলা, নিরাপদে রাস্তা পারাপার, ফুটপাত ব্যবহারের গুরুত্ব এবং সড়ক দুর্ঘটনার ঝুঁকি এড়ানোর বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

আলোচনায় বক্তারা বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা কেবল চালকদের দায়িত্ব নয়; পথচারী, শিক্ষার্থী, যাত্রীসহ সড়ক ব্যবহারকারী প্রত্যেকেরই দায়িত্বশীল আচরণ জরুরি। অসতর্কতা, ট্রাফিক আইন অমান্য এবং ঝুঁকিপূর্ণভাবে চলাচলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। তাই দুর্ঘটনা প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা ও দায়িত্বশীল আচরণের বিকল্প নেই। বিশেষ করে শৈশব থেকেই শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ সড়ক ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, রাস্তা পারাপারের সময় নির্ধারিত জেব্রা ক্রসিং, ফুটওভারব্রিজ অথবা নিরাপদ স্থান ব্যবহার করতে হবে। চলন্ত গাড়ির সামনে দিয়ে হঠাৎ রাস্তা পার হওয়া কিংবা মোবাইল ফোন ব্যবহার করতে করতে রাস্তা পার হওয়া থেকে বিরত থাকতে হবে। রাস্তার পাশে চলাচলের সময় ফুটপাত ব্যবহার করতে হবে। ফুটপাত না থাকলে সড়কের কিনারা দিয়ে সতর্কতার সঙ্গে হাঁটতে হবে।

মোটরসাইকেলে চলাচলের ক্ষেত্রে চালক ও আরোহী উভয়ের মানসম্মত হেলমেট ব্যবহার, অতিরিক্ত গতি পরিহার এবং ট্রাফিক সংকেত মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাস, ট্রাকসহ বড় যানবাহনের খুব কাছাকাছি দাঁড়ানো এবং চলন্ত যানবাহনে ওঠানামার ঝুঁকি সম্পর্কেও শিক্ষার্থীদের সতর্ক করা হয়।

বক্তারা আরও বলেন, নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় শুধু প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগ যথেষ্ট নয়। প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। শিক্ষার্থীরা নিজেরা ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি পরিবারের সদস্য, সহপাঠী ও প্রতিবেশীদের সচেতন করতে পারলে দুর্ঘটনা প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আসবে।

কর্মশালায় উপস্থিত ছিলেন পলাশপোল আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোমিনুল ইসলাম শামীম, সহকারী শিক্ষক শামীমুর রহমান ও হেমনার্থ সরকার, সাতক্ষীরা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. বাহাউদ্দিন ফারুকী, অধ্যক্ষ রবিউল ইসলাম এবং বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুকসহ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।

কর্মশালা শেষে শিক্ষার্থীদের মধ্যে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন ও নিরাপদ সড়ক ব্যবহারের নির্দেশনাসংবলিত ট্রাফিক সাইন, লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়ক দুর্ঘটনা কমানো এবং নতুন প্রজন্মের মধ্যে নিরাপদ সড়ক ব্যবহারের সংস্কৃতি গড়ে তুলতে জেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

(আরকে/এসপি/নভেম্বর ০১, ২০২৬)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test