E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

যুবশক্তির স্বপ্নপূরণে সোনাতলায় ঋণের চেক ও গাছের চারা বিতরণ

২০২৬ নভেম্বর ০১ ১৮:৫০:৪১
যুবশক্তির স্বপ্নপূরণে সোনাতলায় ঋণের চেক ও গাছের চারা বিতরণ

বিকাশ স্বর্ণকার, সোনাতলা : ‘যুবশক্তি যুবসমৃদ্ধি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সোনাতলায় জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে যুবর‌্যালি, আলোচনা সভা, প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন, যুবঋণের চেক ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

আজ রবিবার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের জাতীয় সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল মজিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল হান্নান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক এমদাদুল হক বাদশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী, পাকুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লতিফুল বারী টিম, উপজেলা মহিলা দলের সভাপতি মোছাঃ বিজলী খাতুন, সাধারণ সম্পাদক খালেদা আক্তার নয়নতারা এবং মধুপুর মহিলা দলের নেত্রী সাহানা আক্তার সাথী প্রমুখ।

স্বাগত বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল মজিদ বলেন, দেশে যুবসমাজের সংখ্যা উল্লেখযোগ্য। এ যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বিভিন্নমুখী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ গ্রহণ করে অনেক যুবক নিজের কর্মসংস্থান সৃষ্টি করছেন। এ সময় প্রশিক্ষণ নিয়ে আত্মনির্ভরশীল হয়ে ওঠা যুবক মোঃ মাছুদ তাঁর সফলতার গল্প তুলে ধরেন।

ওসি কবির হোসেন তাঁর বক্তব্যে বলেন, যুবঋণ গ্রহণের পর অনেকে যথাসময়ে ঋণের কিস্তি পরিশোধ করেন না। এ বিষয়ে পুলিশের কাছে বিভিন্ন অভিযোগ আসে। তিনি ঋণের অর্থ যথাযথ কাজে ব্যবহার ও নিয়মিত পরিশোধের আহ্বান জানান। পাশাপাশি অভিভাবকদের সন্তানদের চলাফেরা ও কর্মকাণ্ডের প্রতি নজর রাখার পরামর্শ দিয়ে বলেন, তরুণ প্রজন্ম যেন কোনোভাবেই ভুল পথে পরিচালিত না হয়। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সচেতন হতে হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক মাদকের ভয়াবহ কুফল তুলে ধরে যুবসমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই সবাইকে মাদককে ‘না’ বলতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুব মন্ত্রণালয় গঠন করেছিলেন। যুবসমাজকে দক্ষ, প্রশিক্ষিত ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে। এমনভাবে তাদের প্রশিক্ষণ দিতে হবে, যাতে বিদেশে গিয়েও তারা উচ্চ বেতনের ও মর্যাদাপূর্ণ চাকরিতে যোগদানের সুযোগ পায়। মাদক নির্মূলেও যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যুবকদের কর্মমুখী প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি যুবকদের মাঝে যুবঋণের চেক, বিভিন্ন প্রজাতির গাছের চারা এবং বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে নানা ধরনের উপকরণ বিতরণ করেন। পাশাপাশি প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এছাড়াও প্রধান অতিথি বিকেলে পৌরসভায় সুধী সমাবেশে যোগদান করে বক্তব্য রাখেন।

(বিএস/এসপি/নভেম্বর ০১, ২০২৬)

পাঠকের মতামত:

০১ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test