E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কুষ্টিয়ার দৌলতপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর উদ্বোধন

২০২৬ নভেম্বর ০৬ ১৪:২৫:১১
কুষ্টিয়ার দৌলতপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর উদ্বোধন

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার দৌলতপুরে তারাগুনিয়া ফুটবল মাঠে শুরু হয়েছে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

বিকেলে খুলনা স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি সারা দেশে একযোগে এ খেলা উদ্বোধন ঘোষণা করার পর দৌলতপুর উপজেলাতে অতিথিবৃন্দ এর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, উপজেলা যুব কর্মকর্তা শামীম আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমিক সুপারভাইজার কামাল আহমেদ।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, হারুন অর রশিদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জহুরুল করিম বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইয়াকুব আলী, তারাগুনিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক সাংবাদিক আহমেদ রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল ইসলাম শামীম, যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল প্রমুখ।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আয়োজক কমিটির সদস্য, ক্রীড়া সংগঠক ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মাঠের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অংশগ্রহণকারী খেলোয়াড়রা অতিথিদের স্বাগত জানান। পরে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন অতিথিরা। অনুষ্ঠানে শিশু-কিশোরদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করার পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভা বিকাশের ওপর জোর দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, “শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশে ‘নতুন কুঁড়ি’ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে নতুন প্রজন্মকে মেধাবী, সৃজনশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি তাদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করবে। এই ধরনের ইভেন্টের উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।”

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ বলেন, “শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। ‘নতুন কুঁড়ি সিজন-২’ তাদের প্রতিভা প্রকাশের একটি সুন্দর মঞ্চ। এই আয়োজনের মাধ্যমে দৌলতপুরের প্রতিভাবান শিশু-কিশোরেরা নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ পাবে। তাদের উৎসাহিত করতে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় পর্যায়ের সবাইকে এগিয়ে আসতে হবে।”

এ সময় প্রতিযোগিতার উদ্বোধনকে ঘিরে তারাগুনিয়া ফুটবল মাঠে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

(ওএস/এএস/নভেম্বর ০৬, ২০২৬)













পাঠকের মতামত:

০৬ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test