E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বগুড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৪ নারী

২০২৬ নভেম্বর ০৬ ১৯:১৩:০৬
বগুড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৪ নারী

এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : বগুড়ার সোনাতলায় আদালতের পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার পাশাপাশি দুই পুলিশ সদস্যকে মারধর ও একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়েছে। 

আজ শুক্রবার সকালের দিকে উপজেলার ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে চার নারীকে আটক করেছে পুলিশ।

গ্রেপ্তার এড়াতে পালিয়ে যাওয়া ওই আসামির নাম গোলাম কবির সুমন (৩৬)। তিনি ফুলবাড়িয়া গ্রামের সালাম মাস্টারের ছেলে। তাঁর বিরুদ্ধে একটি প্রতারণার মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার বেলা এগারোটার দিকে সোনাতলা থানার উপ-পরিদর্শক (এসআই) শিমুল কুমার দাস ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মেহেদী হাসান থানার একটি পিকআপ ভ্যান নিয়ে ফুলবাড়িয়া গ্রামে যান। পরে গোলাম কবির সুমনকে আটক করে পিকআপে তোলার সময় স্থানীয় একটি চক্র অতর্কিত হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, হামলাকারীরা দুই পুলিশ সদস্যকে মারধর করে তাঁদের হেফাজত থেকে সুমনকে ছিনিয়ে নেন। এ সময় পুলিশের পিকআপ ভ্যানটিও ভাঙচুর করা হয়।

খবর পেয়ে সোনাতলা থানা থেকে অতিরিক্ত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে চার নারীকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

(এআরআই/এসপি/নভেম্বর ০৬, ২০২৬)

পাঠকের মতামত:

০৬ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test