E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাইয়ে ভাঙ্গামুড়া চেতনা বৌদ্ধ বিহারে ৫ম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

২০২৬ নভেম্বর ০৮ ১৮:২৪:২০
কাপ্তাইয়ে ভাঙ্গামুড়া চেতনা বৌদ্ধ বিহারে ৫ম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

রিপন মারমা, রাঙামাটি : রাঙামাটির কাপ্তাইয়ে ভাঙ্গামুড়া চেতনা বৌদ্ধ বিহার প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ৫ম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব- ২০২৬। ভাঙ্গামুড়া চেতনা বৌদ্ধ বিহারের সকল দায়ক-দায়িকাবৃন্দের আয়োজনে দিনব্যাপী নানা ধর্মীয় ও মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসব সম্পন্ন হয়।

জুরিক্কলাল তনচংগ্যার (জটিল) স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে সঞ্চালনা করেন আনন্দ জয় তনচংগ্যা।

অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিলাইছড়ি সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ অনাথ পিতা কর্মবীর ভদন্ত দেবতিষ্য থের। ভদন্ত ক্ষেমানন্দ ভিক্ষুর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ভাঙ্গামুড়া চেতনা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উঃপাঞঞানন্দ থের। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জুমপাড়া সর্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্যোতিলংকার ভিক্ষু।

এছাড়া সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত থেকে সমবেত পুণ্যার্থীদের উদ্দেশে বিশেষ সদ্ধর্মদেশনা প্রদান করেন, বিলাইছড়ি বাজার সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ও পালবার লিং সেন্টার বাংলাদেশের অর্থ সম্পাদক ভদন্ত করুণা তিষ্য ভিক্ষু।

অনুষ্ঠানে প্রধান দায়ক হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য উথোয়াই মং মারমা এবং বিশেষ দায়ক হিসেবে উপস্থিত ছিলেন, ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের ১১৯ নং ভায্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা।

দিনব্যাপী এই কঠিন চীবর দানোৎসবে কাপ্তাইসহ রাঙামাটির বিভিন্ন এলাকা হতে শত শত পুণ্যার্থী ও দায়ক-দায়িকাবৃন্দ অংশগ্রহণ করেন। চীবর দানসহ নানা পুণ্যকাজের মাধ্যমে বিশ্ব শান্তি ও মানবজাতির কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। দিনভর নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি ঐতিহ্যবাহী কঠিন চীবর কল্পতরুসহকারে প্রদক্ষিণ করা হয়। এ সময় পুণ্যার্থীদের ‘সাধু সাধু সাধু’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো বিহার প্রাঙ্গণ।

দিনব্যাপী এই পুণ্যানুষ্ঠানের সার্বিক কর্মসূচিতে উপসম্পদা, পিণ্ডদান, হাজার বাতি দান, আকাশ প্রদীপ পূজা এবং নানাবিধ দান উৎসর্গ সম্পন্ন হয়। পরিশেষে প্রদীপ পূজা, আকাশ বাতি উত্তোলন ও সমবেত প্রার্থনার মাধ্যমে বিশ্বশান্তি কামনায় এই মহতি উৎসবের সমাপ্তি ঘটে।

(আরএম/এসপি/নভেম্বর ০৮, ২০২৬)

পাঠকের মতামত:

০৮ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test