E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই: রিজভী

২০২৬ নভেম্বর ১০ ১৮:৪১:১৮
পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই: রিজভী

এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের চোখের সামনে গণহত্যা চালিয়ে যারা পালিয়ে গেছে, তারা আজ কীসের ভিত্তিতে এনআইডি (জাতীয় পরিচয়পত্র) ও পাসপোর্ট পাওয়ার অধিকার রাখে? পলাতক অপরাধী আইনের শাসন এড়িয়ে এনআইডি বা পাসপোর্ট পেতে পারেন না। 

আজ মঙ্গলবার দুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অডিটোরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬ শীর্ষক বিজ্ঞানমেলার রাজশাহী বিভাগীয় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রীর মন্তব্যের উদাহরণ টেনে রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার আমলে তাঁদের আইনমন্ত্রী বলেছিলেন, ফেরারি আসামিদের বক্তব্য বা কথা মিডিয়ায় প্রচার করা যায় না। অথচ আজকে যিনি শত শত শহীদের রক্তের ওপর দিয়ে পালিয়ে গেলেন, তিনি নাকি আবার দেশে ফেরার জন্য এনআইডি আর পাসপোর্ট চান। আবু সাঈদ, মুগ্ধ, আহনাফ, ওয়াসিমসহ প্রায় ১৪ শ শিশু-কিশোর ও তরুণ শহীদের রক্তের দাগ এখনও শুকায়নি। এই মানবতাবিরোধী অপরাধের বিচার হতে হবে।

তিনি আরও বলেন, তারেক রহমানের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছিল, যার কারণে তিনি প্রায় পঙ্গুত্ব বরণ করেছিলেন এবং চিকিৎসার জন্য নিয়ম মেনেই বিদেশে গিয়েছিলেন। অন্যদিকে, গণঅভ্যুত্থানের মুখে দেশের মানুষের সামনে থেকে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী পালিয়ে যান। তাই কোনো পলাতক অপরাধী আইনের শাসন এড়িয়ে এনআইডি বা পাসপোর্ট পেতে পারে না।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, দেশের জনগণ কোনো আমি-ডামি বা মধ্যরাতের নির্বাচনে বিশ্বাসী নয়। সবার অংশগ্রহণে এবং অবাধ-সুষ্ঠু ভোটের মাধ্যমে বর্তমান প্রতিনিধিত্বশীল সরকার গঠিত হয়েছে। এই সরকার সংবিধানে দেওয়া আইনের প্রয়োগ সুনিশ্চিত করবে এবং আদালতকে জনগণের শেষ আশ্রয়স্থল হিসেবে সারা বিশ্বের সামনে প্রতিষ্ঠিত করবে।

বিজ্ঞানমেলায় অংশ নেওয়া শিক্ষার্থীদের তৈরি উদ্ভাবনী প্রকল্পের প্রশংসা করে তিনি বলেন, শিক্ষার্থীদের আজকের এই মেধা ও কীর্তি অসাধারণ। প্রতিভার এই অনন্য ছাপ বজায় থাকলে এরাই হবে বাংলাদেশের আগামী দিনের আইনস্টাইন ও নিউটন। তরুণ বিজ্ঞানীদের হাত ধরেই বিশ্বের দরবারে বাংলাদেশের সুনাম ছড়িয়ে পড়বে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জেডআরএফ-এর নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

(এআরআই/এসপি/নভেম্বর ১০, ২০২৬)

পাঠকের মতামত:

১০ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test