E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বড়পুকুরিয়া কয়লা খনিতে চীনা শ্রমিকের মৃত্যু

২০২৬ নভেম্বর ১০ ১৮:৫৫:২৩
বড়পুকুরিয়া কয়লা খনিতে চীনা শ্রমিকের মৃত্যু

শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনির ভূ-গর্ভে কাজ করার সময় মৃত্যু ঘটেছে সিং সিয়াওজুন (৪৩) নামের এক চীনা শ্রমিকের।

আজ মঙ্গলবার সকালে খনি ভূ-গর্ভের ১৩০৫ নম্বর ফেজ থেকে চীনা সিং সিয়াওজুনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সিং সিয়াওজুন খনি ভূ-গর্ভের ভেন্ডিলেটর সাইডের শ্রমিক ছিলেন।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক খান মো. জাফর সাদিক এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার (৯ নভেম্বর) রাত ১১টায় খনি ভূ-গর্ভের ১৩০৫ নম্বর ফেজে (কূপ) কাজ করার জন্য নিচে নামেন সিয়াওজুন। কাজ করার একপর্যায়ে রাত ৩টার পর থেকে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। মঙ্গলবার সকালে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, ভূ-গর্ভে অক্সিজেন স্বল্পতার কারণে তার মৃত্যু হয়েছে।

কয়লা খনির মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক জাফর সাদিক জানান, দৈনন্দিন কাজের অংশ হিসেবে দু'জন সহকর্মীসহ সিং সিয়াওজুন ভূ-গর্ভে গ্যাস পরিমাপ করতে যান। স্থানীয় শ্রমিকদের ভিন্ন স্থানে গ্যাস পরিমাপের জন্য পাঠিয়ে তিনি নিজে ১৩০৫ নম্বর ফেজের সিল ওয়ালের পাশে গ্যাস পরিমাপ করতে যান। পরবর্তী সময়ে সহকর্মী স্থানীয় শ্রমিকরা তাকে ভূ-গর্ভের নির্ধারিত স্থানে খুঁজে না পাওয়ায় বিষয়টি সারফেস কন্ট্রোল রুমে অবহিত করেন।

মঙ্গলবার সকাল ৭টায় শিফট ডিউটি শেষ হলে সবাই ওপরে চলে আসেন। তবে সিয়াওজুন না আসায় তার সহকর্মীরা কন্ট্রোলরুমে বিষয়টি জানান। পরে রেসকিউ টিম গিয়ে খোঁজাখুঁজি করে ১৩০৫ ফেজের সিল ওয়ালের পাশে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে সিং সিয়াওজুন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য আবেদন পাঠানো হচ্ছে। থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা করা হয়েছে।

(এসএস/এসপি/নভেম্বর ১০, ২০২৬)

পাঠকের মতামত:

১০ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test